post
খেলা

এলপিএলের নিলামে নাম দিলেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এলপিএলের এই নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। বাংলাদেশি তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি, রাসি ভন ডার ডুসেন, জিমি নিশাম, রেজা হেনড্রিকস, রাইলি রুশো, শাই হোপ, লুঙ্গি এনগিদি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচার, ওশেন থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, উসমান খাজা, তাবরাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, গুলবাদিন নাইব ও ইব্রাহীম জাদরান। এলপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন মোট তিন জন। এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হৃদয়।

post
এনআরবি চাকুরী

ব্রিটেনে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে এ মতবিনিময় করেছে ইউকে বাংলাদেশ কেটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-ইউকেবিসিসিআই। রোববার লন্ডন মূল শহরের মিলেনিয়াম গ্লেস্টার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিনিয়োগে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আর প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধিতে সরকার আগের চেয়ে অনেক বেশি আন্তরিক। এসময় বক্তব্য রাখেন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, ইউকেবিসিসিআই‘র চেয়ার ইকবাল আহমদ ওবিই, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাংবাদিক নাহাস পাশাসহ অনেকে। বক্তারা আশা করেন, দুই দেশ বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা পালন করবে।

post
আন্তর্জাতিক

পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা

ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। মস্কোর হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। এদিকে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

post
অভিবাসন

শিঘ্রই রুয়ান্ডায় যাচ্ছে অভিবাসন প্রত্যাশিরা

কয়েক দিনের মধ্যেই অভিবাসন প্রত্যাশিদের নিয়ে প্রথম উড়োজাহাজ রুয়ান্ডায় যাত্রা করবে বলে জানিয়েছে বৃটেনের হোম অফিস। রুয়ান্ডা নিয়ে যাওয়ার জন্য কিছু অভিবাসন প্রত্যাশীকে ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে- এমন খবর প্রকাশের পর হোম অফিস থেকে এর সত্যতা স্বীকার করেছে। জানিয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসা অভিবাসন প্রত্যাশিদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গ্লাসগো ভিত্তিক আইনজীবি আমের আনোয়ার বলেছেন, সোমবার থেকে অভিবাসন প্রত্যাশিদের ডিটেনশন সেন্টারে নেয়া হবে বলে তাকে জানানো হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, দশ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশিদের রুয়ান্ডা পাঠানো শুরু হবে। এ বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় ডিটেনশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বললেন, এ মুহুর্তে সামগ্রিক কর্ম অগ্রগতি সম্পর্কে না বলাই ভালো।

post
বাংলাদেশ

ওষুধের দাম বাড়ানো বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

সব ধরনের ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া। ‘দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে ৭ থেকে ১৪০ শতাংশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ রিট দায়ের করে। প্রতিবেদনে বলা হয়, দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত ৫০ ধরনের ওষুধের দাম ২০ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর-সর্দির ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি থেকে আয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, দাম বাড়ানোর হার অস্বাভাবিক। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির অজুহাত হিসেবে কোম্পানিগুলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে। এসময় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়িয়েছে বলে জানিয়েছেন ওষুধ কোম্পানিগুলোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়ছে দুবাই

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়তে চলেছে আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। দুবাইয়ের শাসক এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন। টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি। মাকতুম বলেন, এই টার্মিনাল নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের। আগামী দিনগুলোতে দুবাই বিমানবন্দরের সব কাজ আল মাকতুমে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন রশিদ আল-মাকতুম। তিনি বলেন, এই বিমানবন্দরে ৪শ’টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে। স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর অংশীদার ফ্লাইদুবাই এখানে স্থানান্তরিত করা হবে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাংলাদেশির মৃত্যু

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আব্দুল আজিম ২১ বছর ধরে কুয়েতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আদান হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তিনি। তিনি ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা গেছে,যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

post
বাংলাদেশ

সুস্থ আছে জোড়া মাথার রাবেয়া-রোকেয়া

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জোড়া মাথা আলাদায় অস্ত্রোপচার শেষে শিশু রাবেয়া ও রোকেয়া সুস্থ আছে মাথা জোড়া লাগা। রোববার (২৮ এপ্রিল) সিএমএইচে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি তাদের অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে সিএমএইচে আসেন হাঙ্গেরির চিকিৎসকদল এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এই চিকিৎসকদল চলমান চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিরল মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচার পরবর্তী ফলোআপের জন্য বিদেশি চিকিৎসকদল ও স্বাস্থ্যমন্ত্রী আসেন। বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় জোড়া মাথার শিশুদের বলা হয় `Craniopagus Twins'। মাথা জোড়া লাগানো জমজ শিশু চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি চ্যালেঞ্জিং বিকলতা। ২৫ লাখ জীবিত জমজ শিশুর মধ্যে মাত্র একটি জোড়া মাথার শিশু জন্ম নেয়। প্রায় ৪০ শতাংশ জোড়া মাথার শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে এবং আরও এক তৃতীয়াংশ শিশু ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যুবরণ করে। আনুমানিক শতকরা ২৫ ভাগ শিশু জোড়া মাথা নিয়ে বেঁচে থাকে, যাদের শল্য চিকিৎসার মাধ্যমে আলাদা করার সুযোগ রয়েছে। কিন্তু এর সাফল্যের হারও খুব বেশি নয়।

post
আন্তর্জাতিক

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) ফ্ল্যাট থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা। যদিও অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। এদিকে অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। সেই পোস্টে লেখা ছিল, ‘তার জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে তার সফর সহজ করে দিয়ে গেলাম।’ অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই অমৃতা অবসাদে ভুগছিলেন। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। চিকিৎসাও চলছিল। এসবের মাঝেই আত্মহত্যার খবর মিলল। পুলিশ জানিয়েছে, অমৃতা তার স্বামীর সঙ্গেই মুম্বাইতে থাকেন। তবে সম্প্রতি তিনি বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। শনিবার মধ্যরাত পর্যন্ত অভিনেত্রী জেগে ছিলেন। এরপর রহস্যজনক সেই স্ট্যাটাসটি দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

post
খেলা

তারপরও হারলো বাংলাদেশ

ভারত নারী দলকে দেড়শর আগে আটকে রেখেছিলেন বাংলাদেশ নারী দলের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটা ছিল মাঝারি মানের। সেটা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় টাইগ্রেসদের। সেখান থেকে নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৪৫ রানের ব্যবধানে জিতেছে ভারত। রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে ইনিংসে সেটাই তার প্রথম ও শেষ বাউন্ডারি। পরের বলেই ফিরেছেন সাজঘরে। সেই থেকে শুরু। টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি। ৩০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.