ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। মস্কোর হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। এদিকে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
