প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপির নির্বাচন বর্জন শান্তিপূর্ণ হলে তা চ্যালেঞ্জ নয়। তবে ভোটের দিন বা তার আগের দিন ভোটারদের বাধা দিলে সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেটা মোকাবিলা করা হবে।
শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, যে কোনো নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে। বিএনপি এবারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণকে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছে। সেটা শান্তিপূর্ণভাবে হলে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নয়। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী একটি নির্বাচনের পক্ষে যেমন বলা যায় তেমনি বিপক্ষেও বলা যায়। কিন্তু নির্বাচন প্রতিহত করা যাবে না। যদি তারা প্রতিহত করতে চায় তাহলে যে চ্যালেঞ্জ আসবে সেটার মোকাবিলা করতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।
