সাধারণত ফুটবল খেলায় দুই ধরণের কার্ডের প্রচলন রয়েছে। খেলোয়াড়দের অপরাধের মাত্রার উপর ভিত্তি করে এই কার্ড দেখানো হয়। কোনো ফুটবলারকে লালকার্ড দেখানো হলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। অন্যদিরক কম শাস্তির জন্য দেখানো হয় হলুদকার্ড। এবার দুই কার্ডের বাইরে শাস্তিমূলক আরো একটি কার্ডের অবতারণা করালো আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
শুক্রবার ভিন্নধর্মী শাস্তির জন্য নীলকার্ডের ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়মনীতি প্রণয়নকারী সংস্থাটি।
গত বছরের নভেম্বর থেকে ফুটবলে নতুন কার্ডের ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন ফুটবল সংশ্লিষ্ট আইনপ্রণেতারা। মাঠে ম্যাচ অফিসিয়ালদের প্রতি খেলোয়াড়দের আচরণকে নিয়ন্ত্রণ করতে এমন প্রস্তাব দিয়েছিলেন। যেন খেলোয়াড়রা ম্যাচের কর্মকর্তাদের সম্মান দিয়ে কথা বলেন।
নিয়মে বলা হয়েছে কোনো খেলোয়াড় যদি এমন ফাউল করেন যেটা লালকার্ড দেওয়ার জন্য প্রাপ্য নন; আবার হলুদকার্ডও কম শাস্তি হয়ে যায়, তখন ম্যাচ রেফারি তাকে নীলকার্ড দিবেন। আর নীলকার্ড পাওয়ার পর সেই খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এই নিয়মকে সিন-বিন বলে।
এরই মধ্যে নিম্ন-স্তরের খেলায় এই কার্ডের ব্যবহার হচ্ছে। তবে এখনো ফুটবলের বড় আসর ও ম্যাচগুলোতে এর ব্যবহার হয়নি। নীলকার্ড নিয়ে আগামী ১ মার্চ বৈঠকে বসবে আন্তজার্তিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তখন দিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফিফা।
