খেলা

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

post-img

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

রোববার সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে ক্রিকেটের অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়াও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।'

ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।'

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.