নতুন ফিচার এনেছে মেসেজ আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখন এই প্ল্যাটফর্মটিতে নিজস্ব চ্যানেল খুলতে পারবেন ব্যবহারকারীরাবিশ্বের ১৫০টি দেশ থেকে এই ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ কিংবা কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। অ্যান্ড্রয়েড ২.২৩, ৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করা যাবে সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।
এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন। তবে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন।
নতুন এই ফিচার তথ্য সম্প্রচারের কাজে লাগবে। ওয়াবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে কাজ করবে। এই বিভাগকে ‘আপডেট’ বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে না, প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না।
প্রাথমিকভাবে ১০টি দেশে এই ফিচার উন্মুক্ত করা হয়েছিল। ইতিবাচক সাড়া পাওয়ায় ১৫০টি দেশে এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা।
মেটা জানায়, `আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব একটি ব্যক্তিগত সম্প্রচারমাধ্যম গড়ে তোলা। এটি আপনাদের চ্যাট থেকে আলাদা। আপনি কাকে অনুসরণ করছেন তাও দেখা যাবে না। অ্যাডমিন ও অনুসারী প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমরা নিশ্চিত করবো।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।
