post
সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে হত্যা

কুমিল্লার তিতাস উপজেলায় মোস্তফা কামাল মুন্সি নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল মুন্সি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি রঘুনাথপুর এলাকায়। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মুন্সির সঙ্গে পূর্ব-শত্রুতা ছিল ওই এলাকার সাঈদুর নামে একজনের। সেই শত্রুতার জেরে সোমবার বিকেলে নয়াপুর এলাকায় কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। এ সময় ছুরি দিয়ে মোস্তফা কামাল মুন্সির পেটে আঘাত করে পালিয়ে যান সাঈদুর ও তার সঙ্গীরা। পরে স্থানীয়রা মোস্তফা কামাল মুন্সিকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, এখনো সেখানেই অবস্থান করছি। ঘাতকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে। সাঈদুরের সঙ্গে আর কারা কারা ছিল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

post
সংবাদ

দেশে আবারও বাড়লো সোনার দাম

সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির প্রতি ভরি সোনার নতুন মূল্য হবে ১ লাখ  ৯ হাজার ২৯২ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।এদিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি করা হবে।সোনার দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম‌ ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা। সোমবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকায় বেচাকেনা হয়েছে।

post
সংবাদ

বড়দিনে মাঠ পর্যায়ে কড়া বার্তা আইজিপির

খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। আইজিপি খ্রিস্টান কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানান আইজিপি। তিনি বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে আপনারা তাকে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদের আটক করবে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান। আইজিপি ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।পুলিশ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্ট পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।সভায় থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে পটকা, আতশবাজিসহ ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।সভায় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

পেছালো আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার ফলে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল একদিন পেছানো হয়েছে। রোববার দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ।

post
সংবাদ

টিআইবি কোনো দলের নয় নির্বাচনের পক্ষে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি কোনো দলের নয়, টিআইবি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, ‘টিআইবি বিএনপির অঙ্গসংগঠন কি-না প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য একদিকে বিব্রতকর ও অন্যদিকে সমালোচক মাত্রই রাজনৈতিক প্রতিপক্ষ এমন মানসিকতার প্রতিফলন।’বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যম সূত্রে জানা যায় তফসিল ঘোষণা পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষিত বিবেচনায় আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না- টিআইবির এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’টিআইবিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকার ওপর নির্ভর করে সব নির্বাচনপ্রত্যাশী রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করেই কেবল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব। মন্ত্রীর তা বোঝার মতো বিচক্ষণতা রয়েছে বলেই টিআইবি মনে করে।’‘অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা বিনষ্ট হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করায় বিএনপির সঙ্গে টিআইবিকে জড়িয়ে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেওয়া এ বক্তব্য অনভিপ্রেত। টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না।সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ও দেশের প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির এমন বক্তব্য পুরোপুরি অমূলক ও হতাশাজনক।তবে টিআইবি এতে মোটেই অবাক বা বিচলিত নয় মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার উপযুক্ত রাষ্ট্রকাঠামো বিনির্মাণে কর্মরত টিআইবির ওপর এ ধরনের অপবাদ দেওয়ার চর্চা নতুন কিছু নয়। কোনো গবেষণালব্ধ প্রতিবেদন বা পরামর্শ অপছন্দ হলেই আওয়ামী লীগ-বিএনপি প্রধান দুই রাজনৈতিক দলই টিআইবির প্রতি বিষোদগারে লিপ্ত হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় টিআইবিকে বন্ধ করে দেওয়া, সারাদেশের ৬৪ জেলায় মামলা করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি চলতি বছরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির পক্ষ থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সংস্থাটির কর্মকর্তাদের নিয়ে বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হয়।ড. জামান আরও বলেন, টিআইবির কোনো মন্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। টিআইবির অবস্থান গণতন্ত্র ও সুশাসনের পক্ষে, অগণতান্ত্রিক ও সুশাসনকে বাধাগ্রস্ত করে এমন শক্তির বিপক্ষে। তবে একই সঙ্গে লক্ষ্যণীয়, টিআইবিকে নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান ও পরিস্থিতি ভেদে এমন বিষোদগার টিআইবির নিরপেক্ষতাকেই প্রমাণ করে।

post
সংবাদ

শরিকদের আসনে চূড়ান্ত করেছে আ. লীগ,৭ টির বেশি নয় বলছেন কাদের, বাড়তি দাবী ইনুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কে কোন আসনে ছাড় পাচ্ছে, তা আজ কালের মধ্যে শরিকদের আনুষ্ঠানিকভাবে জানাবে দলটি। তবে ছাড় দেওয়া আসনেও আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি হতে হবে তাদের।আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে,শরিকদের আসন ছাড়ের বিষয়টি গত বুধবার চূড়ান্ত করা হয়েছে। ওই দিন রাতে ছাড় দেওয়া আসনের তালিকা জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমন তথ্য এসেছে বিভিন্ন গনমাধ্যমে। সেখানে জানানো হয়, বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের ৪টি দলের আটজন সংসদ সদস্য থাকলেও এবার তিনটি দলের সাতজনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্কার্স পার্টি বর্তমান তিন সংসদ সদস্য, জাসদের বর্তমান তিন এমপির মধ্যে একজন বাদ পড়ে নতুন করে একজন যুক্ত হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টি-জেপির একমাত্র আসনটি সেই ছাড়ের তালিকায় আছে। এখন পর্যন্ত বাদের তালিকায় আছেন চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, শরিকদের সমর্থন দিয়ে নৌকা প্রতীক দেওয়া হলেও তাদেরকে আমাদের স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হয়ে আসতে হবে। এ বিষয়ে আমাদের দল তাদের কোন ধরনের ছাড় দেবে না।এবিষয়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শরীকদের কাউকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না, প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে বিজয়ী হতে হবে। আজ শুক্রবার দুপুরে, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জোটের শরিকদের সাতটির বেশি আসন ছেড়ে দেয়ার কোন সুযোগ নেই। আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু দাবী করেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের ছেড়ে দেয়া ৭টি আসন বাড়াতে হবে।  সকালে, জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ দাবী জানান।

post
সংবাদ

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন, একই এলাকার নাছির উদ্দিনের ছেলে অটোরিকশাচালক হাবিবুর রহমান ও হরিরামপুর এলাকার নাইম মিয়ার স্ত্রী পপি আক্তার।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক-এসআই   জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে ত্রিশালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান, মোফাজ্জাল হোসেন ও পপি আক্তার মারা যান। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ত্রিশাল থানার এসআই  আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

post
সংবাদ

নির্বাচনী আচরণ ভাঙ্গায় মাহিকে তলব

আলোচিত চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা বা মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আবু সাঈদ তাকে তলব করেন।মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি শিরোনামে খবর প্রকাশিত হয়। এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পারে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন শারমিন আক্তার নিপা। যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। তাই তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

post
সংবাদ

দ্বৈত নাগরিকত্বে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই জনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন-ইসি। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি। তবে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে করা আপিল খারিজ করে দিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসব রায় দেয় ইসি। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব। এর আগে বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়েছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ। অভিযোগ পেয়ে শাম্মী আহমেদের যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

post
সংবাদ

রাজধানীতে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ

নির্বাচন ভবনের সামনে কটূক্তির জেরে কুমিল্লা-১ আসনের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, কথা কাটাকাটির জেরে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক প্লাবন ও সানজিদ নামে দুইজনকে নিজেদের হেফাজতে নেন। তারা দুইজনই কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের সমর্থক। এই ঘটনায় একে অন্যের ওপর দায় চাপিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে উভয়পক্ষই। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাতে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে অংশ নেন কুমিল্লা ১ আসনের সংসদ স্বতন্ত্র প্রার্থি নাঈম হাসান। দুপুর সোয়া বারোটার দিকে তার আপিল নামঞ্জুর করা হয়। পরে তিনি বাইরে বেরিয়ে এলে তার সমর্থকদের সঙ্গে আবদুস সবুরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস সবুরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। তিনি জানান, তার কর্মী সমর্থকদের উদ্দেশে ‘নির্বাচনের আগেই হেরে গেছিস’ এমন কটুবাক্য বলার পরই এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এনেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.