post
সংবাদ

নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না: তারেক রহমান

হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে দলীয় সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহিদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র-জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য-একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই, বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

post
সংবাদ

অসম্ভবকে সম্ভব করা বীর সন্তানদের ধন্যবাদ জানাই: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি এবং রোগমুক্তির জন্য আপনারা সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্যদিয়ে ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি উল্লেখ করে ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দুই মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তিনি আরও বলেন, এই ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন তা বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, শান্তি, প্রগতি ও সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করি।

post
সংবাদ

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ০২টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: সুনামগঞ্জ বয়স: ০১ আগস্ট ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ। আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এবং টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

post
সংবাদ

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

post
সংবাদ

পুলিশকে আগামীকালের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

আগামীকালের মধ্যে সকল সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি। এসময় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সরকারের অনিয়ম-দুর্নীতির কারণেই গণঅভ্যুত্থান হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, সকল হত্যা কান্ডের সুষ্ঠু তদন্ত করা হবে।

post
সংবাদ

বিএনপি-জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন

কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এমএ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

post
সংবাদ

পুলিশ সদস্যদের কর্মবিরতির ঘোষণা, সংস্কার চান বাহিনীর

বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে। ‘দেশ থেকে স্বৈচারার উৎখাত’ করার জন্য তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সকল সৈনিককে’ অভিনন্দন জানিয়েছে। সেই সাথে নিহত ছাত্রদের রূহের মাগফেরাত কামনা করেছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এটি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ‘আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকেই সার্জেন্ট/সাব-ইন্সপেক্টরসহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসেবে কাজ করতে বাধ্য হই। আমাদের অফিসাররা বেশির ভাগ ক্ষেত্রেই দলীয় পরিচয়ে দুষ্ট।’ আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলনসহ যেকোনো আন্দোলনে কোনো সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।...আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই।’ সেখানে বলা হয়েছে, ‘পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।’ যেসব পুলিশ কর্মকর্তা অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। সোমবার (৫ আগস্ট) রাতে সারাদেশে ৪৫০টিরও বেশি থানায় হামলা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের ওই বিবৃতিতে।

post
সংবাদ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, জিয়াউলকে অব্যাহতি

এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

post
সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি জানিয়েছেন ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার কার্যালয় ইউনূস সেন্টার সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এ তথ্য নিশ্চিত করেছে। ডয়চে ভেলেকে ড. ইউনূসের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস। এর আগে, সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্রনেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসকে চান তারা। তিনি বলেন, ‘ড. ইউনূসের সঙ্গে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন।’ এদিকে, অধ্যাপক ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট’ শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

post
সংবাদ

বিমানবন্দর ও থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে আনসার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও পুলিশ স্টেশন বা থানাগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা দিতে আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আনসার সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.