যুক্তরাষ্ট্রে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সাজ্জাদ হাসান নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর পরকীয়া ঠেকাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয় প্রবাসীরা। জর্জিয়া পাওয়ার কোম্পানিতে সিনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।স্থানীয় পুলিশ জানায়, বুধবার রাতে আটলান্টায় সাজ্জাদের বাসার কাছে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ভেতর একটি চিরকুট পাওয়া যায়। সেটিকে ‘সুইসাইড নোট’ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সাজ্জাদ জর্জিয়ার টাকের শহরে থাকতেন। শুক্রবার বিকেলে লরেন্সভিলে ইসলামিক সেন্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আসা প্রবাসীরা গণমাধ্যমকে জানান, সাজ্জাদ পারিবারিক অশান্তির কারণে ‘আত্মহত্যা’ করেছেন। তারা অভিযোগ করেন, গেল অগাস্টে তার স্ত্রীর পরকীয়া ধরা পড়ে। সেই সংবাদ বেশকিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে মনঃকষ্টে ছিলেন সাজ্জাদ। চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
