লেবাননে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন চার শতাধিক বাংলাদেশি। তাদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় প্রয়োজনীয় ঔষুধ। বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে এই আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী।
সংশ্লিষ্টরা জানান, লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রবাসীদের দেয় এ চিকিৎসা সেবা। ভবিষ্যতেও লেবাননে দ্বায়িত্বরত বিভিন্ন এনজিওর সমন্বয়ে প্রবাসীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান।
তথ্য মতে, ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় বাংলাদেশিদের। অর্থনৈতিক সংকটে ওষুধের চড়া মূল্যের কারণেও প্রয়োজনীয় ঔষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। বিনামূল্যে চিকিৎসা সেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। এছাড়াও এদিন বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দ্বায়িত্বরত ৩টি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে।
