ওমানের মাস্কাটে সফি উল্লাহ শাকিল নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে শহীদ উল্লাহর ছেলে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শাকিলের পরিবার।
নিহতের পরিবার জানান,১১ মাস আগে ওমানে যান শাকিল। সেখানে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সঙ্গে আগের রাতেও কথা হয়েছিল শাকিলের। প্রেমের সম্পর্কে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে নিহতের পরিবার।
