post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসভবন থেকে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে দেশটির কোওয়াজুলু নাটাল প্রদেশের পিটার্সমেরিজবাগের বাসভবন থেকে একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) মরদেহ উদ্ধার করা হয়।পিটার্সমেরিজবাগ থেকে প্রবাসী বাংলাদেশি সংগঠক সাইমল হক জানান, টিটুর বাসভবন থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশি পুলিশের সহযোগিতায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে, কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো সুস্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে তিনি একাই থাকতেন। টিটু দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় ব্যবসা করতেন। একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

post
এনআরবি বিশ্ব

ভারতে ঝড়ের কবলে পড়া ১৫ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ভারতে আটকে পড়া আরও ১৫ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। আট মাসের বেশি সময় ভারতের আশ্রয়কেন্দ্রে অবস্থানের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ১৫ জেলেই ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। গত বছরের ১ নভেম্বর ও ৮ নভেম্বর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে আটকে পড়া ৬৬ জেলে বাংলাদেশে ফিরে আসেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব আজাদ বলেন, প্রায় ৯ মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশের অনেক জেলে ভারতীয় সীমানায় ভেসে গিয়েছিলেন। ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ গতকাল সন্ধ্যায় তাঁরা দেশে ফিরে আসেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানায়, গত বছরের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে যাওয়া জেলেদের ভারতীয় জেলে ও উপকূল রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করেন। উদ্ধার করা জেলেদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের বুদ্ধপুর ও মইপিঠ এলাকার দুটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। তাঁদের মধ্যে বাংলাদেশের ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে গতকাল সন্ধ্যায় তাঁদের দেশে ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের সবাই ভোলার চরফ্যাশান উপজেলার বাসিন্দা। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা জেলেদের থানায় সোপর্দ করে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার রাতে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

সুদানে বাংলাদেশ দূতের বাসায় সন্ত্রাসীদের গুলি

সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর লড়াইয়ের মধ্যে বাংলাদেশের হাজার দেড়েক নাগরিক আটকা পড়েছেন। সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ের শুরুতেই ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। এক সপ্তাহ পর, ২২ এপ্রিল বিবদমান দুই পক্ষের লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে গোলাগুলির এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি।সুদানের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এমন পরিস্থিতিতে সুদানের রাজধানী খার্তুমের বাইরে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুদানে সংঘাত শুরুর পর থেকে ঢাকার সঙ্গে খার্তুমে বাংলাদেশ দূতাবাসের নিয়মিত যোগাযোগ হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ বাংলাদেশের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত খার্তুমে অবস্থান করে কাজ চালিয়ে গেছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি গত রোববার খার্তুম থেকে প্রায় আড়াই শ মাইল দূরের জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থান করেই বাংলাদেশের নাগরিকদের নিরাপদে ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত আছেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ গত সোমবার সবশেষ বার্তায় পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিকল্পের কথা উল্লেখ করেছেন। তিনি সুদানে অবস্থান করেই বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টিতে জোর দিয়েছেন।  নাম প্রকাশ না করার শর্তে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আপাতত খার্তুম থেকে বাংলাদেশে ফিরে আসতে আগ্রহী লোকজনকে বাসে করে পোর্ট অব সুদানে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর জাহাজ বা ফেরিতে করে তাঁদের সৌদি আরবে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে তাঁদের দেশে ফেরত আনা হবে।সূত্রটি জানায়, এখন পর্যন্ত চার শতাধিক বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। গত দুই দিনে সেখানে গোলাগুলি অনেকটা কমেছে। এই পরিস্থিতিতে প্রথম দফায় পাঁচ শ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

post
এনআরবি বিশ্ব

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পোস্টে বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কীভাবে কোন পদ্ধতিতে তাঁরা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি। বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ, সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’গত শনিবার সুদানের চলমান পরিস্থিতির কারণে দেশটি সফর থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সুদানে ক্ষমতার লড়াইয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও দেশটিতে বাংলাদেশি মিশন চালু রাখা হবে। সেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশির অবস্থানের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুদানে চলমান সংঘর্ষের মধ্যে গত শনিবার মিসর, পাকিস্তান ও কানাডার দেড় শতাধিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়। সমুদ্রপথে সৌদি আরবের জেদ্দা বন্দরে নিয়ে যাওয়া হয় তাঁদের। এ ছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে। কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পর খার্তুমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাবেন জুলাই থেকে

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি বছরের জুলাই মাস থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার আমিরাতের আজমানে প্রবাসী বাংলাদেশিদের ইফতার সমাবেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ কথা জানিয়েছেন।প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার বহুদিনের দাবি ছিল প্রবাসীদের। রাষ্ট্রদূত বলেন, 'চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের শুরুতে দেশ থেকে একটি কারিগরি টিম আমিরাতে আসবে। আমরা বলতে পারি প্রবাসীরা আগামী জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাবেন।' বাংলাদেশি মালিকানাধীন বিশ্বখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমসের আয়োজনে ইফতার মাহফিলে ৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির সমাগম হয়। সংযুক্ত আরব আমিরাতের ৭ রাজ্যে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দেশে রেমিট্যান্স আগমনের শীর্ষ ৩ দেশের মধ্যে আছে আমিরাত।

post
এনআরবি বিশ্ব

ভারতকে যুক্ত রেখে বাংলাদেশে শিল্পকেন্দ্র করতে চায় জাপান

উত্তর-পূর্ব ভারতকে যুক্ত রেখে বাংলাদেশে শিল্পকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জাপান। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ চেইনসহ বাংলাদেশে একটি শিল্পকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব করেছে জাপান। একইসঙ্গে এই অঞ্চলে বন্দর ও পরিবহনের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বাইরে নেপাল ও ভুটানেও এই সরবরাহ চেইন বিস্তৃত করার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পরে জাপানের এই প্রস্তাব সামনে এসেছে। ভারত সফরের সময় তিনি বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের জন্য একটি নতুন শিল্প কেন্দ্রের ধারণার কথা বলেছিলেন যা ৩০০ মিলিয়ন মানুষের এই দরিদ্র অঞ্চলে উন্নয়নকে আরও জোরদার করতে পারে। রয়টার্স বলছে, ফুমিও কিশিদার সফরের পর তার সরকার তিনটি অবকাঠামো প্রকল্পের জন্য বাংলাদেশে ১২৭ কোটি মার্কিন ডলারের তহবিল অনুমোদন করেছে। ওই তিন প্রকল্পের মধ্যে মাতারবাড়ি এলাকায় একটি নতুন বাণিজ্যিক বন্দর নির্মাণের বিষয়টিও রয়েছে। এই বন্দরের সাথে ত্রিপুরাসহ পার্শ্ববর্তী স্থলবেষ্টিত ভারতীয় রাজ্যগুলোর পাশাপাশি বিস্তৃত আন্তর্জাতিক বাজারের সংযোগ থাকবে। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয়, বাংলাদেশি এবং জাপানি কর্মকর্তাদের এক বৈঠকে শিল্প কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, ‘এটি ভারত ও বাংলাদেশের জন্য একটি লাভজনক পরিকল্পনা হতে পারে।’তিনি বলেন, গভীর সমুদ্রবন্দরটি ২০২৭ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি বাংলাদেশের রাজধানী ঢাকাকে ভারতের স্থলবেষ্টিত অঞ্চলের সাথে সংযুক্ত করার জন্য শিল্প কেন্দ্র তৈরির চাবিকাঠি হবে। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি আগরতলার ওই বৈঠকে জাপানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এটি ভারত-বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করবে এবং জাপানি ও অন্যান্য বিদেশি বিনিয়োগ আনতে সাহায্য করবে। রয়টার্স বলছে, পরিকল্পিত মাতারবাড়ি প্রকল্পটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর যেখানে বৃহৎ জাহাজ চলাচলের সক্ষমতা থাকবে। এশিয়ান কনফ্লুয়েন্স নামক একটি থিংক-ট্যাংক প্রতিষ্ঠান দু’দিনের এই বৈঠকের আয়োজন করেছিল। এশিয়ান কনফ্লুয়েন্সের প্রধান সব্যসাচী দত্ত বলেছেন, প্রস্তাবিত এই সমুদ্রবন্দর থেকে ত্রিপুরা রাজ্য প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত এবং আঞ্চলিক রপ্তানিকারকদের কাছে এটি গেটওয়ে হয়ে উঠতে পারে।’ মূলত চীনের প্রভাব বিস্তারকে মোকাবিলা করতে গিয়ে বেইজিংয়ের মাল্টি-বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে ভারত ও জাপান যৌথভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফ্রিকাজুড়ে নানা অবকাঠামো প্রকল্প গড়ে তুলেছে। সুজুকি জানিয়েছেন, বাংলাদেশে ইতোমধ্যেই ৩০০টির বেশি জাপানি কোম্পানি কাজ করছে। উভয় দেশ শিগগিরই একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। আর সেটি উৎপাদনকে আরও বাড়িয়ে তুলতে এবং আরও বিদেশি কোম্পানিকে (বাংলাদেশে) আকর্ষণ করতে পারে। অন্যদিকে ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

১৬ এপ্রিল শুরু হচ্ছে হজযাত্রীদের বায়োমেট্রিক

চলতি বছর হজে যাওয়ার জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের সৌদি আরবের ভিসার জন্য বায়োমেট্রিক শুরু হবে আগামী ১৬ এপ্রিল। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু হবে।সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন। সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হয়।এজন্য সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না।

post
এনআরবি বিশ্ব

মিশরে, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের ইফতার মাহফিল।

এলামী মোঃ কাউসার। কায়রো,মিশর।নীলনদ ও পিরামিডের দেশ, মিশরের আল-আযহার সহ সমস্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশী ছাত্রদের একমাত্র সংগঠন, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন এর ইফতার মাহফিল সম্পন্ন হল। আল-আযহার বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন বাংলাদেশী ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন এই ইফাতার আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশরস্থ রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীগণ। এবং অন্যান্য দেশের অর্গানাইজেশনের ছাত্র প্রতিনিধিরা। মিশরীয় সময় বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হয়ে চলে মাগরিবের আযানের আগ পর্যন্ত। ১৬ ই রমাজানুল মোবারকে আয়োজিত এই অনুষ্ঠানে আলাদা দুইটি অডিটরিয়াম বুকিং করা হয়। যেন অর্গানাইজেশনের মহিলা সদস্যরা পর্দার সাথে ইফতারী আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি মো. নাজিব শাওকী। অনুষ্ঠান পরিচালনা করেন, অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল, সাইমুম আল-মাহদী। ইফতার প্রোগ্রামে, অর্গানাইজেশনের উপদেষ্টা মন্ডলির সদস্যগণ ও সিনিয়রদের মাঝে বক্তব্য রাখেন, জনাব শোয়াইব হোসাইন আল-আযহারী, জনাব তাজদিদ বিন অদুদ এবং মো. শিহাবউদ্দীন আল-আযহারী। এবং সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, অর্গানাইজেশনের সহ সভাপতি, শাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, অর্গানাইজেশনের সভাপতি এবং তিনি, ছাত্রদেরকে মতানৈক্য ভুলে ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে, একতার বন্ধনে অটুট থাকার জোড় তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তরা, গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশে ফিরে গিয়ে আপামর জনতার আত্ম শুদ্ধির লক্ষ্যে ইসলামের সঠিক দাওয়াত পৌছে দেওয়ার আহ্বান জানান। উক্ত অর্গানাইজেশনের নয় সদস্যের কার্যকরী কমিটির অক্লান্ত পরিশ্রমে আয়োজিত মনজ্ঞ অনুষ্ঠানে, কুরআন তেলওয়াত, রমাজান নাশিদ, অর্গানাইজেশনের থিম সং সহ ইসলামী সাংস্কৃতির নানান কার্যক্রম উপস্থাপিত হয়। অর্গানাইজেশনের সাংস্কৃতিক ফোরামের সদস্যগণ পারফরম্যান্স করেন। মনোমুগ্ধকর এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেছেন, রেজাউর রহমান, সাজিদুল ইসলাম, কাওসার হাবিব, নেওয়াজ জুলকারনাইন। ইফতারের আয়োজনেও ছিলো, বাংলাদেশী খাবারের ছোঁয়া। ছাত্রদের নিজ হাতে রান্না করা, বিফ বিরিয়ানি। যা বাঙালির ঐতিহ্যকে প্রোস্ফুটিত করে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্টদূত জনাব মনিরুল ইসলাম বলেন, ছাত্রদের কল্যাণের জন্য দূতাবাস সর্বদা বদ্ধপরিকর। অর্গানাইজেশনের সমস্ত প্রোগ্রাম, শিক্ষা ও বিনোদন কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। স্কলারশিপ বৃদ্ধি করণে আল-আযহারের গ্রান্ড ইমাম (প্রেসিডেন্ট ওব আযহার) এর সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। এবং তেনার দাবির প্রেক্ষিতে, বাংলাদেশী ছাত্রদের জন্য প্রতি বছর ৫০টি স্কলারশিপের স্বীকৃতি দিয়েছিলেন, শাইখুল আযহার। তাছাড়া,বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা জটিলতা ও মিশরে উচ্চ শিক্ষায় আগত ছাত্রদের কার্যক্রম সহজ করার জন্য, অর্গানাইজেশনের প্রতিনিধি নিয়ে, তিনি মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয়ে মান্যবর মন্ত্রী মহোদয়ের দেখা করেছিলেন। মিশরে ছাত্রদের জন্য নিবেদিত প্রাণ, মান্যবর রাষ্ট্রদূত স্যার। বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, সবার আস্থার প্রতিক। মিশরের রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে, এম্বাসী আয়োজিত বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবসে, অর্গানাইজেশনটি সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। বিদেশের মাটিতে বাংলাদেশী ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে, নানাবিধ কাজ করে যাচ্ছে সংগঠনটি। যেমন, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টে, বাৎসরিক শিক্ষা সফর, সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা, শিক্ষা মূলক কর্মসূচি, নানান দিবস কেন্দ্রীক প্রোগ্রাম সহ ইত্যাদি আয়োজন করে থাকে। মিশরের বুকে বাংলাদেশী ছাত্ররা উচ্চশিক্ষায় অসামান্য অবদান রেখে যাচ্ছে। আল-আযহারের কলেজ লেভেল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে, সারা বিশ্বের ছাত্রদের মাঝে, প্রথম থেকে দশ জনের মেধা তালিকার সিংহভাগ বাংলাদেশী ছাত্ররা অর্জন করে থাকে। যা বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ছাত্রদের রেজাল্ট ও পড়াশোনা কেন্দ্রীক উৎসাহ প্রদান ও কার্যকরী পদক্ষেপের জন্য অর্গানাইজেশন সত্যিই বিদেশের মাটিতে একটি রোল মডেল। দল মত নির্বিশেষে এই সংগঠন একটি ঐক্যমতের প্রতিক। যেখানে বাংলাদেশের সমস্ত মতাদর্শের ছাত্রগণ নিজেদের দূরত্ব ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ইসলামের অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে এ সংগঠনের মাধ্যমে। বর্তমান কার্যকরী কমিটির সেশনে, নয় সদস্যের মাঝে আরো রয়েছেন, অর্থ সম্পাদক, সাইফুর রহমান ও শরীফ মো. কাওসার হোসাইন। শিক্ষা সম্পাদক, আব্দুর রহমান। অফিস সম্পাদক, সাইফুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক, ইয়াসিন আরাফাত। এবং মিডিয়া ও প্রেস সম্পাদক, আল আমিন সরকার।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউয়ের প্রধান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বলছে, গতকাল রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এসময় টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন।তবে, নিহত ২ বাংলাদেশির নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিমের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে টাওয়ার ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা এখানে শ্রমিকের কাজ করতেন। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়। ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছে, 'মরদেহ ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ বাংলাদেশির পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

post
এনআরবি বিশ্ব

বিশ্বে বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সকল বিমানবন্দরে কমে গিয়েছিল কর্ম তৎপরতা। তবে সবকিছু স্বাভাবিক হয়ে আসে ২০২২ সালে। এরসঙ্গে ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও। গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন সেটির তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়— এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত ৮ বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৬ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ। যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এছাড়া বছরের শেষ চার মাসে বিমান বন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছেন— সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করতেন সেটির সমান ছিল।আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ৭ কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবেন। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তারা বেশ রোমাঞ্চিত। তিনি আরও জানিয়েছেন, তাদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরের তালিকা (২০২২ সাল)— ১। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - ৬ কোটি ৬০ লাখ ২। হেথ্রু, যুক্তরাজ্য – ৫ কোটি ৮২ লাখ ৩। আমস্টারডাম, নেদারল্যান্ডস – ৫ কোটি ২৪ লাখ ৪। প্যারিস, ফ্রান্স – ৫ কোটি ১৭ লাখ ৫। ইস্তাম্বুল, তুরস্ক – ৪ কোটি ৮৫ লাখ ৬। ফ্রাঙ্কফ্রুট, জার্মানি – ৪ কোটি ৪৭ লাখ ৭। মাদ্রিদ, স্পেন – ৩ কোটি ৬২ লাখ ৮। দোহা, কাতার – ৩ কোটি ৫৭ লাখ ৯। সিঙ্গাপুর, সিঙ্গাপুর- ৩ কোটি ১৯ লাখ ১০। গ্যাটউইক, যুক্তরাজ্য- ৩ কোটি ১ লাখ সূত্র: খালিজ টাইমস

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.