post
আন্তর্জাতিক

চ্যাটজিপিটি দিয়ে লেখা উপন্যাসে পুরস্কার পেলেন জাপানি লেখক

জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ “আকুতাগাওয়া” সাহিত্য পুরস্কার পেয়েছেন দেশটির জনপ্রিয় লেখক রি কুদান। তবে এরপর তিনি স্বীকার করেছেন যে, পুরস্কার পাওয়া উপন্যাসটি লিখতে তিনি ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির প্রোগ্রাম চ্যাটজিপিটির সহায়তা নিয়েছেন।গত বুধবার (১৭ জানুয়ারি) ৩৩ বছর বয়সী কুদানকে “দ্য টোকিও টাওয়ার অব সিম্প্যাথি” উপন্যাসের জন্য প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে পুরস্কার দেওয়া হয়।পুরস্কার পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে কুদান বলেছেন, ওই বইটির প্রায় ৫% কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় লেখা হয়েছে।কুদান বলেন, “আমি আমার সৃজনশীলতা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের চেষ্টা করেছি।”কুদান জানান, ব্যক্তিগত জীবনেও যেসব সমস্যাগুলোর কথা তিনি কাউকে বলতে পারবেন না সেটা তিনি চ্যাটজিপিটির সঙ্গে পরামর্শ করেন।এ বিষয়ে লেখক ও পুরস্কার কমিটির সদস্য কেইচিরো হিরানো এক্সে (টুইটার) বলেছেন, “নির্বাচন কমিটি কুদানের এআইয়ের ব্যবহারকে সমস্যা হিসেবে দেখছে না।”তিনি বলেন, “রি কুদানের পুরস্কার নিয়ে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার বইটি পড়লে আপনারা স্পষ্ট হবেন। কারণ তার বইয়ে এআই ব্যবহারের কথা উল্লেখ ছিল। যদিও এটি ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে তবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই।”তবে কুদানই প্রথম কেউ নন যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিতর্কের জন্ম দিলেন। গত বছর বার্লিনভিত্তিক ফটোগ্রাফার বরিস এলডাগসেন এআই প্রযুক্তি ব্যবহার করে ক্রিয়েটিভ ফটো বিভাগে জয়ী হয়েছিলেন। তবে পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তার কাছ থেকে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডটি প্রত্যাহার করে নেওয়া হয়।তিনজন লেখক এর আগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলাও করেছিলেন।

post
আন্তর্জাতিক

গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশের সাথে থাকবে

মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে কাজ করবে বলে জানালেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান কুক। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। এছাড়া দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে বাণিজ্য-বি‌নিয়োগ, অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট,অ‌ভিবাসন এবং রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনার কথাও জানান। বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যে যারা অবৈধ তাদের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি শাস্তিপ্রাপ্ত আসামি তার উপযুক্ত শাস্তি সরকার দেবে।

post
আন্তর্জাতিক

‘৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক’

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন,রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। পররাষ্ট্রমন্ত্রী উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দি‌য়ে আজ দে‌শে ফিরেছেন।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইসারতান্ডব

ঘূর্নিঝড় ইসা আঘাত হেনেছে উত্তর-পশ্চিম ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে। ঝড়ে একটি প্রাইভেটকার গাছ চাপা পড়ে নিহত হয়েছে দু‘জন। এছাড়াও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব বাড়ি ঘর বৃহস্পতিবার পর্যন্ত বিদুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টি এবং প্রায় ৯৯ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় তলিয়ে গেছে উপকূলীয় এলাকা। তীব্র ঝড়ের কারণে রেল চলাচলও বন্ধ ছিলো কোন কোন এলাকায়। এছাড়াও বিভিন্ন এয়াপোর্টে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। প্রচন্ড ঝড় ও জলোচ্ছাসে বন্ধ রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দূর্যোগপূর্ণ কয়েকটি এলাকা। এর মধ্যে ঘূর্নিঝড় জোসেলিন তীব্র আঘাত হানবে বলেও সতর্ক করেছে মেট অফিস। ফলে স্কটল্যান্ডে আম্বার এলার্ট জারী করা হয়েছে। গত বছরের সেপ্টম্বর থেকে এ পর্যন্ত দশটি ঘূর্ণীঝড় আঘাত হেনেছে ব্রিটেনে।

post
আন্তর্জাতিক

হুতিদের ওপর আবারও বিমান হামলা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। এ নিয়ে দেশ দুটি দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথ হামলা চালালো। এছাড়াও যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই গোষ্ঠিটির ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের কয়েকটি যুদ্ধবিমান হুতিদের ওপর এই হামলায় অংশ নিয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে,লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে আলোচনা করেছেন বাইডেন ও সুনাক। এ সময় তাঁরা এ নৌপথে ‘অবাধে জাহাজ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য এবং রীতিবিরুদ্ধ হামলা থেকে নৌ-সেনাদের রক্ষায়’ নিজেদের প্রতিশ্রুতির ওপর পুনরায় জোর দেন।

post
আন্তর্জাতিক

লর্ডসে আটকে গেলো রুয়ান্ডা বিল

হাউস অব লর্ডসে আটকে গেলো টরি সরকারের রুয়ান্ডা বিল। প্রথম ভোটাভোটিতে লর্ডস সদস্যরা বলেছেন, রুয়ান্ডার রাজধানী কিগালি এসাইলাম আবেদনকারীদের জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত বিলটি কার্যকর করা যাবে না। চুক্তিটি অনুমোদন না করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে উত্থাপিত বিলে ২১৪ জনের মধ্যে বিলটির পক্ষে ভোট পড়েছে ১৭১ টি। ইউরোপের আদালত এবং ব্রিটেনের হাইকোর্ট বিলটি নিরাপদ নয় এবং মানবাধিকার বিরোধী বলে রায় দেন। সেই রায় পাশ কাটিয়ে ঋষি সুনাক সরকার রুয়ান্ডার সাথে ‘নিরাপদ বিল‘ নামের নতুন আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভোটিতে ঋষি সুনাক জয়লাভ করলে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয় হাউস অব লর্ডসে। বিলটিকে অনুমোদন দেয়া না দেয়ার পক্ষে বিপক্ষে ভোট গ্রহনের মধ্য দিয়ে লর্ডসে আটকা পড়েছি বিলটি। টেন ডাউনিং স্ট্রীট এ বিষয়ে কোন মন্তব্য করেনি এখনো। আগামী সপ্তায় হাউস অব লর্ডসে এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

post
আন্তর্জাতিক

দোনেৎস্কে কিয়েভের হামলায় নিহত-২৫

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ২৫ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি। মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হচ্ছে। রবিবার সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। এ ছাড়া মস্কো নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, ইউক্রেনীয় বাহিনী একটি ব্যস্ত এলাকায় গোলাবর্ষণ করেছে, যেখানে দোকান এবং একটি বাজার অবস্থিত। ঘটনাস্থল থেকে রয়টার্সের তোলা ছবি ও ভিডিওতে কান্নারত মানুষ দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের স্বজন হারানোর কথা জানিয়েছে। বাজারের কাছে রক্তে ভেজা তুষারে লাশ পড়ে থাকতেও দেখা গেছে। পুশিলিন বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরা সংগ্রহ করার চেষ্টা করছেন।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে এয়ারপোর্টে লিক্যুইডের নতুন নির্দেশনা

ব্রিটেনের বড় এয়ারপোর্টগুলোতে লিক্যুইড জাতীয় দ্রব্য বহনে একশ এমএল এর নিয়ম শেষ হতে যাচ্ছে। নতুন নিয়মে দুইশ এমএল পর্যন্ত লিক্যুইড জাতীয় পণ্য বহন করা যাবে। চলতি বছরের পহেলা জুনের মধ্যে বড় এয়ারপোর্টগুলোতে এর জন্য উন্নত প্রযুক্তির স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে সরকার। যদিও এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিলো ২০২২ সাল থেকে।কর্তৃপক্ষ করোনা মহামারীর কারণে সময় মতো এ প্রক্রিয়া শুরু করতে না পারলেও চলতি বছরের মাঝামাঝি শুরু হবে। তবে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট জানিয়েছে,নির্দিষ্ট সময়ের মধ্যে হিথরো, গেটউইক এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে উন্নত স্ক্যানার স্থাপন সম্ভব হবে না। এতে করে আগামী গ্রীষ্মে যাত্রীরা বিভ্রান্তিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে কনজিউমার গ্রুপ হুইস। কবে নাগাদ এসব এয়ারপোর্টে প্রযুক্তি বসানো হবে এবং কার্যক্রম শুরু করবে, সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু বলা হয় নি। ২০০৬ সালে বোম বিস্ফোরণের পর থেকে একশ এমএল এর লিক্যুইড দ্রব্য বহনের নিয়ম চালু করা হয়েছিল।

post
আন্তর্জাতিক

মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ইরানের

মহাকাশে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে দাবি করেছে ইরান। ইরানি মহাকাশ সংস্থার ওই কৃত্রিম উপগ্রহটি নাম সোরাইয়া। যেটি মহাকাশে ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে।শনিবার উৎক্ষেপণ করা ওই স্যাটেলাইট এখন পর্যন্ত ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের মধ্যে মহাকাশে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। যা তেহরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।ইরান এমন একটি সময়ে নিজেদের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের খবর দিলো যখন গাজা যুদ্ধ ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া, এ সপ্তাহেই ইরান-পাকিস্তান জঙ্গি আস্তানায় হামলার কথা বলে পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা চালিয়েছে।ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, তিন স্তরের রকেট কায়েম-১০০ দিয়ে স্যাটেলাইট সুরাইয়া কে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে ৭৫০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। তবে এই স্যাটেলাইটি ঠিক কি কাজ করবে সে বিষয়ে খবরে কিছু জানানো হয়নি।ইরানের রেভল্যুশনারি গার্ডস এর মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। তবে ইরান দাবি করলেও এখনো স্বাধীনভাবে কেউই তাদের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের খবর নিশ্চিত করেনি।

post
আন্তর্জাতিক

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮

চীনের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংহাই থেকে ১৮০ কিলোমিটার (১১১ মাইল) উত্তর-পশ্চিমের চাংঝো শহরের একটি ধাতব পণ্য কারখানার ওয়ার্কশপে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদনে বলা হয়, শেনরং মেটাল টেকনোলজি লিমিটেডের প্রোডাকশন ওয়ার্কশপে বিস্ফোরণে আটজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে শিল্প কারখানাগুলো দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে নিরাপত্তা বিধি ঠিকভাবে পালন না করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর আগে গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। এছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.