ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ২৫ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি। মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হচ্ছে। রবিবার সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়।
এ ছাড়া মস্কো নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, ইউক্রেনীয় বাহিনী একটি ব্যস্ত এলাকায় গোলাবর্ষণ করেছে, যেখানে দোকান এবং একটি বাজার অবস্থিত। ঘটনাস্থল থেকে রয়টার্সের তোলা ছবি ও ভিডিওতে কান্নারত মানুষ দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের স্বজন হারানোর কথা জানিয়েছে। বাজারের কাছে রক্তে ভেজা তুষারে লাশ পড়ে থাকতেও দেখা গেছে।
পুশিলিন বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরা সংগ্রহ করার চেষ্টা করছেন।
