ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। এ নিয়ে দেশ দুটি দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথ হামলা চালালো। এছাড়াও যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই গোষ্ঠিটির ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের কয়েকটি যুদ্ধবিমান হুতিদের ওপর এই হামলায় অংশ নিয়েছে বলে জানা গেছে।
এর আগে সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে,লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে আলোচনা করেছেন বাইডেন ও সুনাক। এ সময় তাঁরা এ নৌপথে ‘অবাধে জাহাজ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য এবং রীতিবিরুদ্ধ হামলা থেকে নৌ-সেনাদের রক্ষায়’ নিজেদের প্রতিশ্রুতির ওপর পুনরায় জোর দেন।
