post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় একদিনে ১৫৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বোমা হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১৫৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) কয়েক দফায় রকেট হামলা চালানো হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদশে দিয়েছে ইরাক সরকার।মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ হাজার ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৮০০ জন। প্রায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

post
আন্তর্জাতিক

দোকান থেকে চুরির অভিযোগে নিউজিল্যান্ডে নারী এমপির পদত্যাগ

দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ওঠার পর নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করেছেন। তিনি হলেন গ্রিন পার্টির গোলরিজ গাহরামান। তার বিরুদ্ধে পোশাকের দুটি দোকান থেকে তিনবার চুরির অভিযোগ আনা হয়েছে। এর একটি অকল্যান্ডে, আরেকটি ওয়েলিংটনে। পুলিশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে।এরই মধ্যে গোলরিজের চুরি করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসিটিভির ওই ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই ১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।৪২ বছর বয়সী এই নারী দাবি করেছেন, কাজের চাপ থেকেই এমন কাজ করেছেন তিনি, যা তার চরিত্রের সঙ্গে যায় না। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ এমন আচরণ আশা করে না। আমার এই কাজে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।গোলরিজ গাহরামানের জন্ম হয়েছিল ইরানে। তিনি যখন খুব ছোট ছিলেন তখন বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। এরপর দেশটিতে শরণার্থী পরিবার হিসেবে আশ্রয় পায় তারা। পরবর্তী সময়ে তারা দেশটির নাগরিকত্বও পান। আর ২০১৭ সালে দেশটির সরকারে প্রথম শরণার্থী সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেন গোলরিজ।তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা জেমস শ বলেন, গাহরামান পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই অব্যাহত যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। তিনি হয়তো মানসিক চাপ থেকেই এমন কাজ করেছেন। এরপরও এই ঘটনার তদন্ত হওয়া উচিত।

post
আন্তর্জাতিক

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই দিন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেছেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দেশ দুটির মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। পারস্পরিক সুবিধার ক্ষেত্রে উভয় দেশই সমান সমান ফলাফল অর্জন করেছে। মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে চীন ও বাংলাদেশ একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়নে কাজ করে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করবে এবং বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশনের কৌশলগত অংশীদারত্বকে চীন-বাংলাদেশ আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।একইসঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি চ্যাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশে পরস্পরের উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশনের কৌশলগত অংশীদারত্বকে আরও ফলপ্রসূ করেছে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বের আরও বিকাশ ঘটাতে চায়, যাতে করে দুই দেশ এবং দুই দেশের জনগণ আরও উপকৃত হয়।এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

post
আন্তর্জাতিক

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে একশরও বেশি মানুষ নিহত হওয়ার মাত্র আটদিন পর ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে। নতুন বছরের প্রথমদিনই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে নোতো উপদ্বীপের অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে। অনেক বাড়িতে আগুন ধরে যায়। শক্তিশালী ওই ভূমিকম্পের যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর সবগুলোতে এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ধসে পড়ার সেসব অবকাঠামোর নিচে অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যেই আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। ভূমিকম্পে যে অঞ্চলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এখন তুষারপাত হচ্ছে। তুষারপাতের কারণে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

post
আন্তর্জাতিক

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি : যুক্তরাজ্য

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য। নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত যুক্তরাজ্যের।লন্ডনের স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির মত প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি। এছাড়া নির্বাচনে সব দল নির্বাচনে অংশ নেয়নি বলে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ব্যবস্থা ছিল না।ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করার ঘটনায় উদ্বেগ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানায় যুক্তরাজ্য। রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সুশীল সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। এছাড়া বাংলাদেশে সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করার আহ্বান জানায় যুক্তরাজ্য।

post
আন্তর্জাতিক

ভোট নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। বিবৃতিতে ফলকার তুর্ক সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র, মানবাধিকার, বিরোধীদের গ্রেপ্তার, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রসহ নানা বিষয় উল্লেখ করেছেন।সোমবার (৮ জানুয়ারি) দেওয়া বিবৃতিতে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার, তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে অন্যান্য বক্তব্যের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, ‘আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়, তা নিশ্চিত করা এবং দেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।’তুর্কের বিবৃতিতে বলা হয়, দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করে। অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে বলেও খবর রয়েছে। বিরোধীরা অগ্নিসন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।ফলকার তুর্ক বলেছেন, এসব ঘটনার স্বাধীন তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের স্বচ্ছ ও ন্যায়পরায়ণ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের প্রচার ও ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মেরও পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্ত হতে হবে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, বাংলাদেশে অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে এবং সেটা যেন এখন লোকদেখানো হয়ে না পড়ে। বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি, দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।’

post
আন্তর্জাতিক

ভোট সুষ্ঠু হয়েছে, ভোটারদের উৎসাহ ছিল : মার্কিন পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস বলেছেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ শেষে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সরকারের আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীর অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না।’যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির টিকেটে নির্বাচিত সাবেক ওই কংগ্রেস সদস্য বলেন, ‘আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়। যেটি বাস্তবে হয়, সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।’সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে বলেন, ‘আমি নিজের চোখে যা দেখেছি, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গেছেন। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।’

post
আন্তর্জাতিক

করোনার নতুন ধরন, মাস্ক পরা ও স্ক্রিনিং প্রস্তুতির পরামর্শ

দুনিয়া কাঁপানো করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ এর সংক্রমণ ঠেকাতে এবার মাস্ক পরাসহ জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।যদিও নতুন এই ধরনটি বাংলাদেশে এখনও শনাক্ত হয়নি। তবে ভারতসহ বিশ্বের কিছু দেশে এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক এই পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে সংক্রমণ বেড়ে গেলে বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শক কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং নতুন ওই ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়নি। তবে সতর্কতা হিসেবে সবার মাস্ক পরাসহ জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।কমিটি  বলেছে, ভবিষ্যতে সংক্রমণ বেড়ে গেলে নমুনা পরীক্ষা ও আইসিইউসহ দ্রুত চিকিৎসা এবং বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের প্রস্তুতি নিতে হবে।কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী কমিটির সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে কোভিডের ওই ধরনটি ছড়িয়ে না পড়লেও যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ধরনটি বাংলাদেশে আসবে না ধরে নিয়ে বসে থাকলে হবে না।তার মতে, এখন অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ খুব সহজ হয়ে গেছে। যেসব দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেসব দেশ থেকে বাংলাদেশে যাত্রীরা আসছেন। তাদের কারও মধ্যে ভাইরাসের এই ধরনটি থাকলে সেটি বাংলাদেশে চলে আসতে পারে। আশঙ্কা যে নাই তা বলা যায় না।তিনি আরও বলেন, নতুন এই ধরন যে বিরাট সমস্যা, সেটি এখনও বলা যাচ্ছে না। কিন্তু শীত মৌসুমে শ্বাসতন্ত্রের রোগ বেড়ে যায়। এ কারণেই সতর্কতা নেওয়া দরকার।

post
আন্তর্জাতিক

শীর্ষ সাংবাদিকদের টার্গেট করছে ভারত

ভারত সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে শীর্ষ সাংবাদিকদের টার্গেট করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্ট যৌথ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে তারা।পেগাসাস স্পাইওয়ার ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা এনএসও’র তৈরি। এটি ব্যবহার করে যে কারও ফোনের ম্যাসেজ, কল লিস্ট, ইমেইল, ছবি ও অবস্থান শনাক্ত করা সম্ভব। এমনকি, এটি ব্যবহার করে যে কার ছবিও তোলা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলর কাছ থেকে এ সফটওয়্যার কিনে নিজেদের স্বার্থে ব্যবহার করে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের অক্টোবরে সংবাদভিত্তিক ভারতীয় ওয়েবসাইট দ্য ওয়্যারের সাংবাদিক সিদ্ধার্থ ভরাদারাজন ও দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের আনন্দ মাঙ্গনালের আইফোন এই স্পাইওয়্যার টার্গেট করা হয়েছিল।সংস্থাটি আরও বলেছে, তাদের নিরাপত্তা ল্যাব ম্যাঙ্গনেলের ডিভাইসে জিরো ক্লিক ম্যালওয়্যার পাঠানোর প্রমাণ পেয়েছে। জিরো ক্লিক ম্যালওয়্যারের মাধ্যমে কোনো অ্যাপ ইন্সটলের নির্দেশ দেওয়ার মাধ্যমে যে কারও মোবাইল বা ল্যাপটপ হ্যাক করা যায়।এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারতীয় এক সাংবাদিকের আইফোনে জিরো ক্লিক ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাপল মিউজিক অ্যাপ খোলার আদেশ দেওয়া হয়। তিনি সেই আদেশ মানেন ও নিজের অজান্তেই পেগাসাস স্পাইওয়্যারের শিকার হন।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের প্রধান ডোনচা ও সিয়ারবহেইল বলছেন, আমাদের অতি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনগুলো এটাই প্রমাণ করে যে, ভারতের সাংবাদিকরা বেআইনি নজরদারির মধ্যে রয়েছেন। তাছাড়া বিভিন্ন আইন, মর্যাদাহানি করার প্রচারণা, হয়রানি ও ভীতি প্রদর্শনের মাধ্যমেও ভারতে সাংবাদিকদসহ, রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়ন করা হয়।এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকার। এর আগে ২০২১ সালেও ভারত সরকারের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সে সময় বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে ভারত সরকার। সেসময় এ অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছিল মোদী প্রশাসন।

post
আন্তর্জাতিক

তুরস্কের সবুজ সংকেত, ছাড়পত্র পেলেই ন্যাটোতে যোগ দেবে সুইডেন

অবশেষে সুইডেনকে সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তুরস্কের পররাষ্ট্রবিষয়ক কমিশন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সুইডেনকে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এখন তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে সুইডেন। এদিকে, তুরস্কের সবুজ সংকেত মিললেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। গত বছরের সেপ্টেম্বরে হাঙ্গেরির গণতান্ত্রিক পরিস্থিতি ও আইনের শাসন নিয়ে সমালোচনা করে সুইডেন। তারপর থেকেই দুই দেশের মধ্যে শীতল দ্বন্দ্ব চলছে। সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। ন্যাটোর অন্যান্য সদস্য দেশ সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় ও সমর্থন করে। তুরস্কের অভিযোগ ছিল, ন্যাটো কুর্দি গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও, সুইডেন তাদের সন্ত্রাসী মনে করে না। তাছাড়া চলতি বছর সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে, যার ফলে সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে ভেটো দিয়ে আসছিল তুরস্ক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.