বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নোবেলজয়ীসহ ১৬০ জন বৈশ্বিক নেতা খোলা চিঠি দিয়ে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছেন।
২৮ আগষ্ট সোমবার এই চিঠি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার। চিঠিদাতাদের মধ্যে বারাক ওবামা, শিরিন এবাদি, আল গোর, তাওয়াক্কুল কারমান, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ ১৪ জন শান্তিতে নোবেল বিজয়ী রয়েছেন। ওরহান পামুক, জে এম কোয়েটজিসহ ৪ জন সাহিত্যে নোবেল বিজয়ী রয়েছেন। জোসেফ স্টিগলিৎজসহ অর্থনীতিতে নোবেল বিজয়ী আছেন ৭ জন। এ ছাড়া রসায়নে ২৮ জন নোবেল বিজয়ী, চিকিৎসাশাস্ত্রে ২৯ জন নোবেল বিজয়ী এবং পদার্থবিজ্ঞানে ২২ জন নোবেল বিজয়ী রয়েছেন।
এ ছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনসহ অর্ধশতাধিক ব্যক্তি রয়েছেন চিঠিদাতাদের তালিকায়। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সামরিক কমান্ডারসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।
“ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্প্রতি চলমান বিচারিক কার্যক্রম আমাদের উদ্বিগ্ন করেছে, এবং আমরা মনে করি এটি তাকে বিচারকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া,” চিঠিতে বলা হয়েছে।
এর আগে, চলতি বছরের মার্চে ৪০ জন বিশ্বনেতা একই ধরনের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সেই চিঠি ছাপা হয়েছিলো।
গতকাল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ড. মুহম্মদ ইউনূসের সমর্থন জানিয়ে একটি চিঠি প্রকাশ করেন। তার একদিন পর এই ১৬০ জন বিশ্বনেতার চিঠি প্রকাশ হয়ে আবারও আলোচনায় আসলো ড. মুহম্মদ ইউনূস ও আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গ।
