ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে চাঁদ রাত মেলা
শেষ পর্যায়ে উপনীত হয়েছে পবিত্র মাহে রমজান। অন্যদিকে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে চাঁদরাত মেলার আয়োজন করেছে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি। ঈদের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ এপ্রিল অথবা ১ মে এটি অনুষ্ঠিত হবে।
ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার ইউনিয়নপোর্ট রোডে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন খলিল বিরিয়ানি হাউসের সত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান।
তিনি বলেন, চাঁদ রাতের এই অনুষ্ঠানে পারফর্ম করবেন রোকসানা মির্জা, শাহ মাহবুব এবং নিলিমা শশী। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন সোনিয়া। চাঁদ রাত মেলায় ফ্রি থাকবে বিভিন্ন স্টল। থাকবে মেহেদি উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দারুল আহনাফের উদ্যোগে মজলিসে ইস্তেগফার ও সাহরি মাহফিল
নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আহনাফের উদ্যোগে মজলিসে ইস্তেগফার ও সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন সম্পন্ন হয় গতকাল ১৯ এপ্রিল দিবাগত রাতে।
ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজে অনুষ্ঠানটি শুরু হয় রাত ২টায়। শুরুতেই ছিল থাকবে সালাতুত তাহাজ্জুদ, এটি পরিচালনা করেন মুফতি নোমান কাশেমী। রাত আড়াইটা থেকে ইসলাহি বয়ান করেন শায়খ হাম্মাদ গাজিনগরী।
এরপর দোয়া ইস্তেগফার ও মোনাজাত পরিচালনা করেন শায়খুত তাহকিক আল্লামা মুহিব্বুর রহমান। সবশেষে রাত ৪টায় সাহরি পরিবেশন করা হয়। পুরো আয়োজনে নিউইয়র্কের ইমাম, উলামা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে বাংলাদেশি ট্যাক্সি চালক ও মালিকদের সর্ববৃহৎ সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ এপ্রিল উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসিম উদ্দীন ভূইয়া।
সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।
এছাড়া জেবিবিএ-এর সভাপতি গিয়াস আহমেদ, নিউইয়র্ক গভর্নর প্রার্থী আগা মোহাম্মদ সালেহ, কুমিল্লা সোসাইটির সভাপতি মনিরুল চৌধুরী, শাপলা ওয়েলফেয়ারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপন, সহ-সভাপতি মাহবুব হোসেন বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক এম এস আলী বক্তব্য রেখেছেন অনুষ্ঠানে।
বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার মাহফিল
বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন তথা বাপার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল নিউইয়র্কের জয়া হলে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অ্যানে উইলিয়াম ইসম।
উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি করপোরেশনের উর্ধ্বতন কমর্কতাবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মুলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ইফতার মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন বাপার সভাপতি কারাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স আলম।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অ্যাটর্নী মঈন চৌধুরী বলেন, বাপার এই আয়োজনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি উপস্থিত সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।
