খেলা

৬-০ গোলে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

post-img

সিঙ্গাপুরে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার স্থানীয় জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল।

ফেবারিট হিসেবেই এই ম্যাচ শুরু করেছিল প্রথম বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। টুর্নামেন্টের শুরুটাও করেছে ফেবারিটের মতোই। প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৩ গোল।

তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারবা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করেন ৫-০।

৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোনো ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মেয়েরা।

উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি জাতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে রুমা-জয়নবদের উৎসাহ দিয়েছেন।

আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ

সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।



সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.