জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনেরেএকদফা দাবিতে, সারাদেশে বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এসময় বিভিন্নস্থানে বিক্ষোভ ও বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
সিলেট মহানগরীর শাহজালাল উপশহর সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা একটি ট্রাকে ভাংচুর চালায়। টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এদিকে, বিএনপি-জামাতের ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সাতকানিয়া কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, বিএনপির হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল করেছে স্বেচ্ছাসেবকদল। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে, জয়দেবপুর শিমুলতলী সড়কের বিভিন্নস্থানে মিছিল করা হয়। এছাড়া, মানিকগঞ্জে বিএনপির ডাকা হরতাল চলছে ঢিলেঢালা ভাবে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।
