গত ৭ আগস্ট ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ উপলক্ষ্যে গত ১৬ আগস্ট প্রকাশ করা হলো স্বপ্নীল ফাউন্ডেশনের গান-কবিতার অভিনব গানচিত্র ‘শ্রাবণের ধারার মতন’।
এতে রবীন্দ্র কাব্য পাঠে আছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক এবং রবীন্দ্রসংগীতশিল্পী ফয়সাল কাদের।
ফয়সাল কাদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আমেরিকান আইটি বিশেষজ্ঞ। রবীন্দ্রসংগীতের প্রতি তার নিষ্ঠা ও সাধনা তাকে দুই বাংলায় তথা এই প্রবাসেও সমাদৃত করেছে।
শ্রাবণের ধারা, কবিগুরুর ব্যবহৃত একটি প্রতীকী শব্দ, তার অতিপ্রিয় বিচিত্র চরিত্রের শ্রাবণ নিয়ে বহু বিচিত্র ভাবনার প্রকাশ ঘটিয়েছেন গানে, কবিতায়- এমনকি গ্রামবাংলাভিত্তিক পদ্মা পর্বের কিছুসংখ্যক ছোটগল্পে। এই পরিবেশনায় শ্রাবণ বহুভাবে শ্রোতাদের কাছে ধরা দেবে। যেমন- শ্রাবণ ঘনমোহে, ঘনশ্রাবণমেঘ, শ্রাবণের বরিষায় বা শ্রাবণের ধারার মতো, বলেছেন এই গানচিত্রের শিল্পীরা।
তারা বলেন, শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি বাস্তবিকই রোমান্টিক মনের জন্য এক একক নিঃসঙ্গ অনুভূতির ভুবন তৈরি করে। গীতাঞ্জলি ও মানসী কাব্যের ৩টি কবিতার নির্বাচিত কিছু অংশ ও পূজা পর্যায়ের গানের মেলবন্ধনে এক শ্রাবণ কথন।
এই প্রযোজনাটির ভাবনা ও শৈল্পিক নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানচিত্রে বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মডেল অনীলা তাবাসসুম হৃদিকে। নির্দেশনা দিয়েছেন ইমরান এফ রহমান এবং সংগীতায়োজন করেছে মার্সেল।
গানচিত্রটি দেখা যাচ্ছে স্বপ্নীল ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
