অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়া থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা- আইএমও এর সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরেন। দেশটির রাজধানী ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে এ অভিবাসীরা আটক ছিলেন।
বৃহস্পতিবার তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএমও এর পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসময় প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং খাদ্যসমগ্রী উপহার দেয়া হয়। এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান গনমাধ্যমকে জানান, ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে এ অভিবাসীরা ভূমিকা রাখতে পারেন। এর আগে নভেম্বর এবং এ মাসে আইএমও ’র সহযোগীতায় চারটি ফ্লাইটে ৫৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
