যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপল স্টোর থেকে ৩০০টি আইফোন কেনার পর স্টোরের বাইরে ছিনতাইকারীর কবলে পড়েন এক ক্রেতা। ছিনতাইকারীরা তার থেকে ১২৫টি আইফোন ছিনিয়ে পালিয়ে যায়।
ম্যানহাটনের একটি ওই অ্যাপল স্টোর থেকে আইফোনগুলো কিনে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখনই ঘটে বিপদ। ওই সময়ই ছিনতাই হয়ে যায় প্রায় ৯৫,০০০ ডলার মূল্যের ১২৫টি স্মার্টফোন।
অ্যাপেলের এই স্টোরটি ২৪ ঘণ্টা খোলা থাকে এবং ওই সময় ব্ল্যাক ফ্রাইডের সেল চলছিল বলে জানা গেছে। যা ছিনতাইকারীরা হয়তো আগে থেকেই জানতো।
নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ একটি বিবৃতিতে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ২৭ বছর বয়সী ওই ব্যক্তি ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপলের দোকান থেকে নিয়মিত ফোন কিনতেন। কারণ তিনি ফোন কেনা বেচার একটি ছোট ব্যবসা করতেন। দোকান থেকে কিনে আবার বিক্রি করতেন। কিন্তু কেন রাত পৌনে দুই টায় তিনি ফোন কিনতে গিয়েছিলেন সেটি একটি রহস্য রয়ে গেছে।
পুলিশ আরো বলেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি তিনটি ব্যাগে আইফোন ভরে নিয়ে যাচ্ছিলেন। এই সময় দুই অপরিচিত ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ টেনে নিয়ে যায়। ব্যাগ টেনে নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে টানাহ্যাঁচড়া হয়। শেষে ভুক্তভোগী ব্যক্তির মুখে ঘুষি মেরে একটি ব্যাগ নিয়ে যেতে সক্ষম হয় ছিনতাইকারীরা।
পুলিশ ধারনা করছে তাকে বেশ কিছু দিন ধরেই পর্যবেক্ষণ করে আসছিল। কারণ তিনি এই স্টোর থেকেই নিয়মিত ফোন কিনতেন।
থানায় মামলা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করছেন, এই বিষয়ে কোরো কোন তথ্য জানা থাকলে এগিয়ে আসতে।
