post
খেলা

কাটার কারিশমায় পার্পল ক্যাপ ফিরে পেলেন ফিজ

যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি। নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার দল চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স।চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে আক্রমণে এসে দেন ৯ রান। দারুণ সব স্লোয়ার-কাটারে বোকা বানান আন্দ্রে রাসেলকে। এরপর শেষ ওভারে আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে তার দেওয়া স্লোয়ার-কাটারের জবাব ছিল না স্টার্কদের কাছে। চেন্নাইয়ের হয়ে এ ম্যাচে তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়ায় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট মুস্তাফিজের নামের পাশে। যে কারণে পার্পল ক্যাপ ফিরে পেলেন তিনি।

post
খেলা

মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা

ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে আসায় এক ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাতেই হাড়েহাড়ে টের পেয়েছে ফিজের অভাব। এরপর মাঠে ফিরেই টাইগার পেসারের ঝলক। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস শেষে সতীর্থ রবীন্দ্র জাদেজার প্রশংসাও কুড়িয়েছেন ফিজ।মুস্তাফিজ-জাদেজাদের দাপুটে বোলিংয়ে চেন্নাইয়ে খেলতে নেমে আজ দিশেহারা ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচে বিজয়ী দলটি সর্বসাকুল্যে কেবল ১৩৪ রান তুলতে পেরেছে। তবে তাদের শুরুটা এমন ছিল না। সুনীল নারিন ও রঘুবংশীরা ঝড় শুরু করতেই আক্রমণে আসেন ফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে এরপর সুবিধা নিয়েছেন জাদেজা। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৩ উইকেট। তবে ফিজকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। মুস্তাফিজ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে পেয়েছেন পার্পল ক্যাপ। এখন পর্যন্ত চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ৯ উইকেট দখলে গেছে ফিজের। পুনরায় এই কীর্তি দখল নেওয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মুস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’ তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

post
খেলা

ক্রীড়াঙ্গনে মোহামেডানের দিন

দেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনে ফুটবল, হকি ও ক্রিকেট লিগ চলছে একসঙ্গে। শনিবার ভিন্ন তিনটি ইভেন্টেই মোহামেডানের ম্যাচ ছিল। ক্রিকেট, ফুটবল ও হকি তিন ম্যাচেই মোহামেডান দুর্দান্তভাবে জিতেছে। মোহামেডানের জয়ের শুরুটা হয়েছিল সকালে ক্রিকেট দিয়ে। গাজী টায়ার্সকে মাত্র ৪০ রানে অলআউট করে সাদা-কালো শিবির। এক উইকেট হারিয়ে ৩৮ বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মোহাডোন। ক্রিকেটের পর জয় এসেছে ফুটবলেও। তবে শেখ রাসেলের বিপক্ষে ফুটবলের জয়টি একটু কষ্টার্জিত। প্রথমার্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে অবশ্য দ্বিতীয়ার্ধে দুই গোল করে ৩-১ ব্যবধানে শেখ রাসেলকে হারিয়েই মোহামেডান মাঠ ছাড়ে। দিনের শেষ জয়টি এসেছে হকিতে। বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৬-৩ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। এই জয়ে মোহামেডান ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।

post
খেলা

বসুন্ধরা কিংসের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের বড় জয়ের দিন ড্র করেছে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে কিংস ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে ঢাকা আবাহনী ফর্টিজ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। শুক্রবার ড্রয়ে আবাহনী ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। তবে কিংসের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাড়িয়েছে নয় পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আগামীকাল জিতলে আবাহনীর সঙ্গে দূরত্ব দাঁড়াবে চার পয়েন্ট। ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। লিগের নতুন দল ফর্টিজ এফসির বিপক্ষে আগের লেগে হেরেছিল আবাহনী। দ্বিতীয় পর্বেও হারতে হারতে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ফর্টিজ ১-০ গোলে এগিয়ে ছিল অনেকক্ষণ। ইনজুরি সময়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

post
খেলা

টাইগারদের ব্যর্থতা নিয়ে বসবে বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শুরুর আগে টানা সীমিত ওভারের ম্যাচ খেলেছে টাইগাররা। সে কারণে টেস্টের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায়নি বলে মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এ নিয়ে পরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল টেস্ট সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি ছিল কি না। এই প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘প্রস্তুতি বলতে কী বুঝাচ্ছেন। প্রস্তুতির জন্য জাতীয় লিগ ছাড়া সুযোগ নাই, কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোন প্লেয়ার সময় পায় বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। সিরিজ হলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি থাকে। জাতীয় দলের প্লেয়ার হিসেবে এডজাস্ট করেই খেলতে হবে। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হত। কিন্তু সেই সুযোগটা হয় না।’ তিনি আরও বলেন, ‘এবারও আমাদের ‘এ’ দলের প্রোগ্রাম আছে। তারা পাকিস্তান যাবে, আবার পাকিস্তান দল আসবে এখানে। নিউজিল্যান্ডও আসবে। ভালো হত যদি ইন্ডিয়া সিরিজের আগে খেলতে পারত। কিন্তু সেভাবে সুযোগ পাওয়া যায় না। সুযোগ পেলে আরও ভালো হত। এখন সুযোগ বের করা বেশ কঠিন।’

post
খেলা

রেকর্ড গড়ে যা বলছেন মায়াঙ্ক

প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমে একের পর এক গতির রেকর্ড গড়ছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা চলতি আসরের সর্বোচ্চ গতির রেকর্ড। নিজের গড়া সেই রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙে দিয়েছেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার একটি ডেলিভারি ছিল ১৫৬.৭ কিলোমিটার গতির। ফলে ২১ বছর বয়সী পেসার আসরের সর্বোচ্চ গতির রেকর্ডেফের নতুন করে নাম তুললেন। কেবল আইপিএলের সপ্তদশ আসরই নয়, মায়াঙ্ক ঢুকে গেছেন আইপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী বোলারদের তালিকায়ও। লখনৌর তরুণ এই পেসারের আগে কেবল তিনজন গতিমান বোলারের নাম রয়েছে। যেখানে সবার শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। এখন পর্যন্ত আইপিএলে কেবল দুটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। তবে মাঠের ক্ষণিক এই উপস্থিতিতেই তিনি নিজের কার্যকারীতা জানান দিয়েছেন। নিজের অভিষেক ম্যাচে কেবল গতির রেকর্ডই গড়েননি, ২৭ রান খরচায় তিনটি উইকেটও শিকার করেন মায়াঙ্ক। এরপর গতকাল বেঙ্গালুরুর বিপক্ষেও সমান তিন উইকেট নিয়েছেন, বিনিময়ে খরচ করেছেন মাত্র ১৪ রান। ফলে টানা দুই ম্যাচেই ম্যাচসেরা পুরস্কার উঠেছে তরুণ এই পেসারের হাতে।

post
খেলা

আসলে খুব বাজে ব্যাটিং করছি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। সফরকারীদের অপেক্ষা বাড়িয়ে চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। তবে হারের চেয়ে বড় আলোচনায় টাইগারদের বাজে ব্যাটিং। দুই টেস্টের চার ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। কেউই বলার মতো রান করতে পারেননি। কেবল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান করেছিলেন মুমিনুল হক। চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি ৫০ রানে ফিরেছেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ হওয়ার আগে মঙ্গলবার বাংলাদেশ ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে। লঙ্কানদের চেয়ে তারা এখনও ২৪৩ রানে পিছিয়ে, এ অবস্থায় ফল কি আসতে চলে সেটা অনেকটাই অনুমেয়। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের বাজে ব্যাটিং নিয়ে কথা বলেছেন মুমিনুল, ‘এই সিরিজে আমরা ব্যাটিংয়ে পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো যুক্তি দিতে পারব। আসলে আমরা খুব বাজে ব্যাটিং করছি দল হিসেবে।’ ‘আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার সেটা করতে পারিনি। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আমরা অন্তত কিছু করতে পেরেছি বা করে দেখিয়েছি। ওই হিসেবে চিন্তা করলে এবার পুরো সিরিজ আমরা কোনো সময়ই যেখানে ক্লিক করা দরকার, যেখানে যা করা দরকার কোনভাবে আমরা ওইভাবে পারিনি’, আরও যোগ করেন এই ব্যাটার।

post
খেলা

ব্যাটিং ব্যর্থতার কারণ কি?

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল সংগ্রহ করেছিল ৫৩১ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করেছে ১৭৮ রান। সোমবার তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলেন দলের ব্যাটাররা। জাকির হাসান ছাড়া পারেননি কোনো ব্যাটার অর্ধ-শতক পূরণ করতে। দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’ সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। এই ধারবাহিক ব্যর্থতার চাপ প্রভাব ফেলে কিনা ব্যাটিংয়ে। জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।'

post
খেলা

মুস্তাফিজের প্রশংসায় মাইকেল ভন

ক্যারিয়ারের লম্বা সময় নিজের ধৈর্য্যশীল ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের বিরক্তির কারণ হয়েছিলেন মাইকেল ভন। লম্বা সময় ব্যাটিং করতে পারতেন অবলীলায়। প্রয়োজনে মারমুখী হতেও সময় নিতেন না। ইংলিশদের অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার কারণেই তো দীর্ঘ ১৮ বছর পর ২০০৫ সালে অ্যাশেজ জয় করেছিল ইংল্যান্ড। ক্রিকেট ছাড়ার পর মাইকেল ভন ব্যস্ত ক্রিকেট বিশ্লেষকের কাজে। এবারের আইপিএলেও সেই ভূমিকায় আছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে বসে আলাপ করেছিলেন চলতি আসর নিয়ে। সেখানেই এবারের আসরের সেরা বোলার হিসেবে নাম নিয়েছেন মুস্তাফিজের। বললেন, এখন পর্যন্ত টাইগার এই পেসারের বোলিংয়েই সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তিনি। টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর বল হাতে দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের এম চিদাম্বারামে দুই ম্যাচেই মুস্তাফিজ ছিলেন অনন্য। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। সঞ্চালকের করা প্রশ্নে আসরের এখন পর্যন্ত সেরা বোলারের প্রশ্নে তাই ভনের পছন্দ দ্য ফিজ। টাইগার পেসারকে নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘(সেরা বোলার হিসেবে) আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।'

post
খেলা

আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র

হকি লিগ মানেই নানা ঘটনা। বড় দুই দলের ম্যাচ হলে তো কথাই নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। একটি ফাউলকে কেন্দ্র করে ম্যাচের শেষ ৫৮ সেকেন্ডের খেলা শুরু হয় ৩৫ মিনিট পর। সবমিলিয়ে ১৫ মিনিট করে চার কোয়ার্টারের সোয়া এক ঘন্টার খেলা হয়েছে প্রায় আড়াই ঘন্টায়। বিদেশি দুই আম্পায়ার আসতে দেরি করায় ম্যাচ ১৫ মিনিট দেরিতে শুরু হয়। ম্যাচের শুরুতে সদ্য প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফের আত্মার মাগফেরাতের জন্য এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। ৩৩ মিনিটে মোহামেডানের আমিরুল ইসলাম গোল করলে সমতা আসে (১-১)। এরপরই মূলত জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন দুই দলের খেলোয়াড়রা। তাই দুই দলের খেলোয়াড়রাই জেতার জন্য আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউতে মেতে উঠেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সাদা কালোদের একটি গোল হওয়ার আগে আম্পায়ার ফাউলের বাশি দেন। এ নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে রিভিউতে তা বাতিল হয়। খেলা বন্ধ থাকে ১০ মিনিট।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.