post
এনআরবি বিশ্ব

ডেমোক্রেটিক থেকে প্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি

আসন্ন ইউরোপ পার্লামেন্টে নির্বাচনে ইতালির ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল পারতিতা ডেমোক্রেটিক থেকে পদপ্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি। নির্বাচনী প্রচারনা নিয়ে এবার আর্চি রোমাতে চার দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চারদিনের এই আয়োজনের শেষ দিন ছিল ইমিগ্রেশন নিয়ে। যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য পাওলো চিয়ানি, তনি রিকিয়ার্দি এবং আর্চি রোমার অভিবাসী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি ইতালিয়ান নাগরিক পাপিয়া আকতার। এ সময় পাপিয়া আকতার বলেন" লাজিও, তোসকানো, উম্রিয়া, মার্কে থেকে পদপ্রার্থী মার্কোকে ভোট দিতে পারবেন। বলেন, তিনি দীর্ঘদিন থেকে অভিবাসীদের অধিকার নিয়েই কাজ করছেন। মার্কো জয়ী হলে ইউরোপে বসবাসরত সকল অভিবাসীদের জন্যেই ইতিবাচক পদক্ষেপ রাখবেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে বিতর্কে ইমিগ্রেশন ইস্যু

নির্বাচন ঘিরে বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন ৭ দলের নেতাগণ। লেবার দল থেকে যোগ দেন এঞ্জেলা রেইনার, কনজারভেটিভ পার্টির পেনি মর্ডান, এসএনপির স্টীপের ফ্লিন, লিবডেমের ডেইজি কুপার, রিফর্ম ইউকের নাইজে ফারাজ, প্লেড কামরোর রোন এপ লোর্থ এবং গ্রীন পার্টির কার্লা ডেনিয়ার। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সংস্কারের বিষয়। এসময় ডি ডের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগে বের হয়ে যাওয়ার বিষয়টি ভুল ছিলো বলে স্বীকার করেছেন পেনি মডার্ণ। এরপর সব দলের নেতারা অংশ নেন স্বাস্থ্য সেবার প্রধান খাত এনএইচএস সংস্কার ইস্যুতে। এসময় টরি সরকার এনএইচএস কে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেন লেবার দলসহ অন্যান্য দলের নেতারা। বিতর্কে স্থান পায় ইমিগ্রেশন ইস্যু।

post
এনআরবি বিশ্ব

এনডিএ জোটের প্রধান নির্বাচিত মোদি

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি- দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় শপথ নেবে এই সরকার। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়- মোদিকে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর ব্যাপক ধরপাকড়

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস -রেলা এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন আসছে

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন নিয়ে আসছে মন্টিনেগ্রো সরকার। সেনজেন ভ্রমন ভিসা বা অবৈধভাবে গিয়ে আর বৈধ হওয়ার সুযোগ থাকছেনা দেশটিতে। ৩ জুন অভিবাসন আইনের পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে নতুন সরকার প্রধান। হঠাৎ এই পরিবর্তনে বৈধ অভিবাসনের আশায় পাড়ি জমানো হাজারো বাংলাদেশীসহ অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তবে, পতুর্গিজ নাগরিকরা বলছেন,পতুর্গালের অভিবাসনের উদার নীতির কারণে ভবিষ্যতে নতুন কোনো সুযোগ তৈরি হতেও পারে। জানা যায়, ইতিহাস ঐতিহ্যের আর প্রাকৃতিক সৌন্দর্যে্যর কারণে ইউরোপ আমেরিকার উন্নত দেশের ভ্রমন পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে আছে আটলান্টিক তীরের দেশ পতুর্গাল। বৈধ বা অবৈধভাবে পতুর্গালে প্রবেশ করে একটি চাকরি জোগাড় করতে পারলেই,অথবা এমন বেশকিছু সহজ শর্তে এ দেশে স্থায়ী বসবাসের অনুমতি মিলেছে। মিলেছে নাগরিকত্ব। ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে বৈধ হওয়ার সুযোগ থাকায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী বসতি গড়েছেন এখানে। কাজের পাশাপাশি পর্যটন, রেস্টুরেন্ট, কৃষিখাত, গণপরিবহন ব্যবসায় ও সফলতার সাক্ষর রাখছেন বাংলাদেশী প্রবাসীরা। রাজধানী লিসবনেই উরোপের সবচেয়ে বড় বাংলাদেশী অধ্যুষিত ব্যবসায়ীক এলাকাও গড়ে উঠেছে। তবে সরকারের নতুন অভিবাসন নীতিমালার কারণে এই সম্ভাবনার আকাশে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ। দীর্ঘদিন ধরে ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পারা বাংলাদেশী প্রবাসীদের শেষ ভরসা ছিলো পর্তুগাল। নতুন নীতিমালায় অন্য দেশের ভিসা নিয়ে বা ভিসা ছাড়া এসে বৈধ হওয়ার সুযোগ আর থাকছেনা। তাই গোটা ইউরোপের অবৈধ অভিবাসীদের জন্যও দুঃসংবাদ হয়ে এসেছে এই ঘোষনা। নীতিমালা অনুমোদনের পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন,পতুর্গালের দরজা একবারে বন্ধ হচ্ছেনা। তবে যে রকম অরক্ষিত ছিলো এখন আর সেরকম থাববেনা। নির্দেশনা মেনে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় পতুর্গালে আসা যাবে বলে জানান সরকার প্রধান।

post
এনআরবি বিশ্ব

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবল বহিষ্কার ও গ্রেফতার

ভারতে লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে। থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারও করা হয়েছে। তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মীর নাম কুলবিন্দর কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য। গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’ 

post
এনআরবি বিশ্ব

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রিত অতিথি হিসেবে কয়েক হাজার বিশিষ্টজনও উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি ভবনে। ছয় ধাপে ভোটগ্রহণ শেষে গত ৪ জুন ঘোষণা করা হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ীদের নাম। নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। আর কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পায়। এছাড়া, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ৫টি আসন। ৪টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ৩টি করে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)।

post
এনআরবি বিশ্ব

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েতের আলোচনা সভা

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মো. আকবর হোসেন ও সভাপতি আব্দুল হাই মামুন বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার কুয়েতের পাঁচ তারকা হোটেল হলিডে ইন এর লবিতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মো. আকবর হোসেন, সভাপতি আব্দুল হাই মামুন, সহ-সভাপতি সুরুক মিয়া, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ, সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও প্রচার সম্পাদক আলাল আহমদ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ প্রবাসী থেকে শুরু করে সবার মাঝে। এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে তিনদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবার মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি আমিরাতের আজমানে থাকতেন। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান। শনিবার দুপুর ২টায় শারজাহ আল-কাসীমি হসপিটালে তার মৃত্যু হয়। তার চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান, তিন বছর আগে আমিরাতে এসেছিলেন মোহাম্মদ শাহজাহান। দেশটিতে আসার পর থেকে একটি গ্রোসারি সুপারশপে চাকরি করতেন শাহজাহান। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গত শুক্রবার আল-কাসীমি হসপিটালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে রাতে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

post
এনআরবি বিশ্ব

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি বাহরাইনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক ও সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুনের মাতা এবং সংগঠনের সদস্য আলমগীর হোসেনের পিতার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কার্গো অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি হারুন অর রসিদ। গেস্ট অব অনার ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম মানিক। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আহছান উল্যাহ মাসুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসান রিয়াদ,আমিনুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম,মামুন, মনিরুল ইসলাম, মীর হোসেন সুজন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হেলাল উদ্দিন,শাহ আকরাম, মিরাজ,শওকত বা্বর সুমন, আলমগীর হোসেন,আব্দুল মতিন, আলমগীর ও খোরশেদ আলমসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.