post
খেলা

রেকর্ড গড়ে যা বলছেন মায়াঙ্ক

প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমে একের পর এক গতির রেকর্ড গড়ছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা চলতি আসরের সর্বোচ্চ গতির রেকর্ড। নিজের গড়া সেই রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙে দিয়েছেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার একটি ডেলিভারি ছিল ১৫৬.৭ কিলোমিটার গতির। ফলে ২১ বছর বয়সী পেসার আসরের সর্বোচ্চ গতির রেকর্ডেফের নতুন করে নাম তুললেন। কেবল আইপিএলের সপ্তদশ আসরই নয়, মায়াঙ্ক ঢুকে গেছেন আইপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী বোলারদের তালিকায়ও। লখনৌর তরুণ এই পেসারের আগে কেবল তিনজন গতিমান বোলারের নাম রয়েছে। যেখানে সবার শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। এখন পর্যন্ত আইপিএলে কেবল দুটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। তবে মাঠের ক্ষণিক এই উপস্থিতিতেই তিনি নিজের কার্যকারীতা জানান দিয়েছেন। নিজের অভিষেক ম্যাচে কেবল গতির রেকর্ডই গড়েননি, ২৭ রান খরচায় তিনটি উইকেটও শিকার করেন মায়াঙ্ক। এরপর গতকাল বেঙ্গালুরুর বিপক্ষেও সমান তিন উইকেট নিয়েছেন, বিনিময়ে খরচ করেছেন মাত্র ১৪ রান। ফলে টানা দুই ম্যাচেই ম্যাচসেরা পুরস্কার উঠেছে তরুণ এই পেসারের হাতে।

post
খেলা

আসলে খুব বাজে ব্যাটিং করছি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। সফরকারীদের অপেক্ষা বাড়িয়ে চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। তবে হারের চেয়ে বড় আলোচনায় টাইগারদের বাজে ব্যাটিং। দুই টেস্টের চার ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। কেউই বলার মতো রান করতে পারেননি। কেবল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান করেছিলেন মুমিনুল হক। চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি ৫০ রানে ফিরেছেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ হওয়ার আগে মঙ্গলবার বাংলাদেশ ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে। লঙ্কানদের চেয়ে তারা এখনও ২৪৩ রানে পিছিয়ে, এ অবস্থায় ফল কি আসতে চলে সেটা অনেকটাই অনুমেয়। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের বাজে ব্যাটিং নিয়ে কথা বলেছেন মুমিনুল, ‘এই সিরিজে আমরা ব্যাটিংয়ে পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো যুক্তি দিতে পারব। আসলে আমরা খুব বাজে ব্যাটিং করছি দল হিসেবে।’ ‘আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার সেটা করতে পারিনি। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আমরা অন্তত কিছু করতে পেরেছি বা করে দেখিয়েছি। ওই হিসেবে চিন্তা করলে এবার পুরো সিরিজ আমরা কোনো সময়ই যেখানে ক্লিক করা দরকার, যেখানে যা করা দরকার কোনভাবে আমরা ওইভাবে পারিনি’, আরও যোগ করেন এই ব্যাটার।

post
খেলা

ব্যাটিং ব্যর্থতার কারণ কি?

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল সংগ্রহ করেছিল ৫৩১ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করেছে ১৭৮ রান। সোমবার তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলেন দলের ব্যাটাররা। জাকির হাসান ছাড়া পারেননি কোনো ব্যাটার অর্ধ-শতক পূরণ করতে। দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’ সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। এই ধারবাহিক ব্যর্থতার চাপ প্রভাব ফেলে কিনা ব্যাটিংয়ে। জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।'

post
খেলা

মুস্তাফিজের প্রশংসায় মাইকেল ভন

ক্যারিয়ারের লম্বা সময় নিজের ধৈর্য্যশীল ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের বিরক্তির কারণ হয়েছিলেন মাইকেল ভন। লম্বা সময় ব্যাটিং করতে পারতেন অবলীলায়। প্রয়োজনে মারমুখী হতেও সময় নিতেন না। ইংলিশদের অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার কারণেই তো দীর্ঘ ১৮ বছর পর ২০০৫ সালে অ্যাশেজ জয় করেছিল ইংল্যান্ড। ক্রিকেট ছাড়ার পর মাইকেল ভন ব্যস্ত ক্রিকেট বিশ্লেষকের কাজে। এবারের আইপিএলেও সেই ভূমিকায় আছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে বসে আলাপ করেছিলেন চলতি আসর নিয়ে। সেখানেই এবারের আসরের সেরা বোলার হিসেবে নাম নিয়েছেন মুস্তাফিজের। বললেন, এখন পর্যন্ত টাইগার এই পেসারের বোলিংয়েই সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তিনি। টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর বল হাতে দলের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের এম চিদাম্বারামে দুই ম্যাচেই মুস্তাফিজ ছিলেন অনন্য। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। সঞ্চালকের করা প্রশ্নে আসরের এখন পর্যন্ত সেরা বোলারের প্রশ্নে তাই ভনের পছন্দ দ্য ফিজ। টাইগার পেসারকে নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘(সেরা বোলার হিসেবে) আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।'

post
খেলা

হাথুরুসিংহে অন্যতম সেরা কোচ

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে এই লঙ্কান কোচ দলের সঙ্গে থাকছেন না।শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার হেডকোচ থাকছেন না ব্যক্তিগত কারণে। চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করবে বাংলাদেশ, শুক্রবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন দলের সহকারী কোচ নিক পোথাস।তিনি বলেন, 'হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। তাকে চট্টগ্রাম টেস্টে মিস করছি। কোচিং স্টাফ সহ সবাইকে দারুন একটা পরিবেশ তৈরি করেছে সে। এখানে যেই দায়িত্ব নিবে সে এটা চলমান রাখতে চাইবে।'গত বছরের এপ্রিলে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি পোথাস।

post
খেলা

দ্বিতীয় টেস্টের আগে পেসার হারাল শ্রীলঙ্কা

বাংলাদেশের মাটিতে সিরিজ শুরুর পর থেকে একের পর তারকা পেসারকে হারিয়ে আসছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে মাথিশা পাথিরানা এবং ওয়ানডে সিরিজে তারা দিলশান মাদুশঙ্কাকে হারিয়েছিল। এবার দ্বিতীয় টেস্টের আগে তারা হারাল কাসুন রাজিথাকে। এই তারকাকে হারিয়ে সিরিজ জয়ের পথে কিছুটা চাপেই পড়ে গেল সফরকারীরা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড-এসএলসি। এর আগে প্রথম টেস্টে লঙ্কানদের বড় জয়ে দারুণ ভূমিকা ছিল রাজিথার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর পরের ইনিংসে তিনি শিকার করেন ৫ উইকেট। ফলে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারানোর পথে রাজিথা লঙ্কানদের অন্যতম সেরা বোলার ছিলেন। ইতোমধ্যে তার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

post
খেলা

হেরে যাওয়ায় খেলোয়াড়দের ভূল নেই

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশ হোম ম্যাচে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট হাতছাড়া করেছে। ইনজুরি সময়ে এক গোল হজম করে হেরেই মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের পুরো ৯০ মিনিট ভালোই খেলেছে বাংলাদেশ। তবে ইনজুরি সময়ের ৪ মিনিটে রক্ষণের এক ভুলেই নিশ্চিত হয় পরাজয়। এই ভুলে অনেকে ডিফেন্ডারদের মনসংযোগ ঘাটতিকে দায়ী করছেন। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন ভিন্ন কথা, ‘এটা মনোযোগের ঘাটতি নয়। কখনও আপনি প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন, কখনও পাবেন না। এটা হতাশাজনক। আসলেই আজ তাদের চেয়েও আগে আমাদের গোল প্রাপ্য ছিল। পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ।’ বাংলাদেশ পাঁচদিন আগেই কুয়েতে পাঁচ গোলে হেরেছিল এই ফিলিস্তিনের বিপক্ষে। সেই ফিলিস্তিনকে এদিন প্রায় রুখেই দিচ্ছিল ঘরের মাঠে। দুই ম্যাচের তারতম্য সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘প্রথম লেগে আমরা হাই ডিফেন্ডিং করেছি, সেট পিস…এ ধরনের পরিস্থিতি দ্বিতীয় লেগে আমরা এড়াতে পেরেছি, আপনারা দেখেছেন। ৯৪তম মিনিট পর্যন্ত আমরা রক্ষণ জমাট করে রেখেছিলাম। প্রথম লেগে আমরা ৪০ মিনিট রক্ষণ জমাট রেখেছিলাম, আজ ৯৪ মিনিট পর্যন্ত পেরেছি।’

post
খেলা

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বড় জয়

প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। যেখানে বড় অবদান দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে লঙ্কান পেসাররাও দুর্দান্ত ছিলেন। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট। সংবাদ সম্মেলনে অধিনায়ক ধনাঞ্জয়া বলেন, ‘এটা দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’ বাংলাদেশের বিপক্ষে তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে ধনাঞ্জয়া বলেন, ‘আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি।’

post
খেলা

আবারও ফিরেছেন আমির

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। রবিবার এক্স বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই পেসার। ২০২০ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। মূলত কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি অভিযোগ তোলে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই পেসার। এবার টিম ম্যানেজমেন্ট ও পিসিবিতে পরিবর্তন আসায় আবারও পাকিস্তানের জার্সিতে ফিরছেন আমির। এবিষয়ে আমির লিখেছেন, 'আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যখন আপনাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে বুঝতে পেরেছে এবং এটা অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয়।'

post
খেলা

দলে ফিরলেন লিটন দাস

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে লাল বলের ক্রিকেটে আগে থেকেই ধারাবাহিকতা রেখে চলেছেন লিটন, যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে না পারা লিটনের কাছে সাদা পোশাকের ক্রিকেটে বড় কিছুর আশা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম টেস্টের আগেরদিন বৃহস্পতিবার সিলেটে টাইগারদের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন। এ সময় লিটনের কাছে নিজের চাওয়া নিয়ে হাথুরু বলেন, ‘আমি আশা করছি লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই।’ চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। যে কারণে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এ নিয়ে হাথুরু বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে।’ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল চট্টগ্রামে উড়াল দেবে। সেখানে ৩১ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.