বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশ হোম ম্যাচে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট হাতছাড়া করেছে। ইনজুরি সময়ে এক গোল হজম করে হেরেই মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের পুরো ৯০ মিনিট ভালোই খেলেছে বাংলাদেশ। তবে ইনজুরি সময়ের ৪ মিনিটে রক্ষণের এক ভুলেই নিশ্চিত হয় পরাজয়। এই ভুলে অনেকে ডিফেন্ডারদের মনসংযোগ ঘাটতিকে দায়ী করছেন। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন ভিন্ন কথা, ‘এটা মনোযোগের ঘাটতি নয়। কখনও আপনি প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন, কখনও পাবেন না। এটা হতাশাজনক। আসলেই আজ তাদের চেয়েও আগে আমাদের গোল প্রাপ্য ছিল। পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ।’
বাংলাদেশ পাঁচদিন আগেই কুয়েতে পাঁচ গোলে হেরেছিল এই ফিলিস্তিনের বিপক্ষে। সেই ফিলিস্তিনকে এদিন প্রায় রুখেই দিচ্ছিল ঘরের মাঠে। দুই ম্যাচের তারতম্য সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘প্রথম লেগে আমরা হাই ডিফেন্ডিং করেছি, সেট পিস…এ ধরনের পরিস্থিতি দ্বিতীয় লেগে আমরা এড়াতে পেরেছি, আপনারা দেখেছেন। ৯৪তম মিনিট পর্যন্ত আমরা রক্ষণ জমাট করে রেখেছিলাম। প্রথম লেগে আমরা ৪০ মিনিট রক্ষণ জমাট রেখেছিলাম, আজ ৯৪ মিনিট পর্যন্ত পেরেছি।’
