বাংলাদেশের মাটিতে সিরিজ শুরুর পর থেকে একের পর তারকা পেসারকে হারিয়ে আসছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে মাথিশা পাথিরানা এবং ওয়ানডে সিরিজে তারা দিলশান মাদুশঙ্কাকে হারিয়েছিল। এবার দ্বিতীয় টেস্টের আগে তারা হারাল কাসুন রাজিথাকে। এই তারকাকে হারিয়ে সিরিজ জয়ের পথে কিছুটা চাপেই পড়ে গেল সফরকারীরা।
বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড-এসএলসি। এর আগে প্রথম টেস্টে লঙ্কানদের বড় জয়ে দারুণ ভূমিকা ছিল রাজিথার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর পরের ইনিংসে তিনি শিকার করেন ৫ উইকেট। ফলে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারানোর পথে রাজিথা লঙ্কানদের অন্যতম সেরা বোলার ছিলেন। ইতোমধ্যে তার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
