ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেল-ব্যবস্থাপনায় হামলার পর এখনো স্বাভাবিক হয়নি দ্রুতগতির ট্রেন চলাচল। হামলার শিকার গুরুত্বপূর্ণ তিনটি রেললাইন শনিবারও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি।
আগামী সোমবার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্যারিসে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে অলিম্পিক গেমস। এদিনই ভোরে প্যারিস ঘিরে তিনটি রেল নেটওয়ার্কের বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বন্ধ হয়ে যায় লন্ডন থেকে প্যারিসের বেশির ভাগ দ্রুতগতির ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তির মুখে পড়ে অলিম্পিক গেমসের দর্শনার্থীসহ সাধারণ যাত্রীরা।
ফ্রান্সের ট্রেন চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলপথগুলো দিয়ে চলাচল করা ১০টি ট্রেনের মধ্যে ৭টি শনিবার চালু ছিল। তবে এক থেকে দুই ঘণ্টা বিলম্ব হয়েছে। রোববারও প্যারিসের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। তবে পূর্ব দিকের দ্রুতগতির ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, এ পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।
