‘ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ। তাদের ভাতা বৃদ্ধির আন্দোলন যৌক্তিক। তারা খেয়ে না খেয়ে হাসপাতালের রোগীদের সেবা করেন। আমি তাদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে নিজেই ফাইল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি।’
বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের নানারকম অসুবিধাগুলোর দেখভাল করেন। প্রধানমন্ত্রীর কাছে ফাইল নিয়ে যাওয়ার পর তিনি ফাইল গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অতি দ্রুত দেশের ইন্টার্ন চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির সুরাহা করতে উদ্যোগ নেবেন বলেছেন।
এসময়ে তিনি বলেন, আমি ইন্টার্ন চিকিৎসকদের প্রতি এটাই বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, আমরা দ্রুততম সময়ে আপনাদের ভালো খবর দিতে সক্ষম হতে পারব।
সভায় পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে তুলে নিতে অনুরোধ করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস দিলে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ একযোগে আন্দোলন প্রত্যাহারে একমত পোষণ করেন।
