ছুটির মওসুমে হাজার হাজার ভ্রমণেচ্ছু যাত্রী আটকা পড়ে আছেন বিমানবন্দরগুলোতে। ভয়াবহ শীতকালীন ঝড়ের পর যুক্তরাষ্ট্র জুড়ে ২৯০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ছুটি শেষে যারা বাড়ি ফিরছিলেন তারা বিপাকে পড়েছেন।
এয়ারলাইন্স কাউন্টারগুলোতে ভির করে আছেন কিন্তু ফ্লাইটের সিডিউল মিলছে না।
খবরে বলা হচ্ছে, ছুটির শেষদিকের গোটা সপ্তাহ জুড়েই বিমানবন্দরগুলোতে এমন পরিস্থিতি চলতে থাকবে। বিমানবন্দরগুলোতে দেখা গেছে ঘরফেরতা মানুষগুলো মেঝেতে ঘুমুচ্ছেন। কাস্টোমার সার্ভিসে লাইন ধরে আছেন ঘণ্টার পর ঘণ্টা ধরে।
ফ্লাইট-ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল হয়েছে। ১৬০০টির বেশি ফ্লাইট বিলম্বিত।
বাতিলকৃত ফ্লাইটের মধ্যে ২৫০০টিরও বেশি ফ্লাইটই সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের। এই কোম্পানির ৬০ শতাংশ ফ্লাইট বাতিলের আওতায় পড়েছে।
গত সোমবার অবশ্য যুক্তরাষ্ট্র জুড়ে ৪০০০ ফ্লাইট বাতিল ও ৮৫০০ ফ্লাইট বিলম্বিত ছিলো।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স সোমবার এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি অনেকাংশেই অসহনীয় পর্যায়ে রয়েছে। এ জন্য আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই।
সোমবার থেকে শুরু করে মঙ্গলবার সকালেও সাউথওয়েস্ট ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে যাত্রীরা টুইটারে তাদের ক্ষুব্ধ হতাশা ব্যক্ত করছে। আর এয়ারলাইন্সের পক্ষ থেকে বারবার ক্ষমা প্রার্থণা করা হচ্ছে। তবে তা দিয়ে সবাইকে শান্ত করা যাচ্ছে না।
