রাজনীতি এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়ত সেই কারণেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার।
রোববার দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাপা চেয়ারম্যান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা হয়ত অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করবো।
