ষড়ঋতুর পথ পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। বাঙালির প্রিয় মধুমাস জ্যৈষ্ঠ মাস। এ মৌসুমে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু বিভিন্ন ফল ভিন্ন ভিন্ন রঙ ধারণ করে পাকতে শুরু করে মৌসুমি ফল। দেশের মৌসুমি ফলের স্বাদ নিতে পারে হাজার হাজার মাইল দূরে থাকা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের বিভিন্ন বাংলাদেশি সুপার শপ, বাকালাগুলোতে গেলে দেখা যায়- বাংলাদেশি মৌসুমি ফল আম, কাঁঠাল, লিচু, আনারস পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা।
আহসান ও করিম দুই প্রবাসী বলেন, প্রতি সপ্তাহে অথবা পনেরো দিনে বাংলাদেশি সুপার শপ, বাকালা থেকে পছন্দের বাংলাদেশি শাক সবজি কিনে নিয়ে যাই। হঠাৎ নজের এলো দেশি মৌসুমি ফল আম, কাঁঠাল, লিচু। লিচু দেখে খুব ভালো লাগলো।
দোকানের বিক্রেতা রহিম উদ্দিন জানান, কুয়েতে বাংলাদেশি ফল শাক-সবজির প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশিদের ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও কিনে নিয়ে যান। বাংলাদেশ হতে নিয়ে আসতে কার্গো খরচ বেশি পড়ে, তাই বেশি দামে বিক্রি করতে হয়।
