আওয়ামী লীগই দেশের মানুষের অধিকার সুরক্ষিত করেছে, উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে, বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ জেলার নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। এসময় নির্বাচন যাতে কেউ বাঁধাগ্রস্ত করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে, বৃহষ্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি পঞ্চগড় ও লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তৃতায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের যা কিছু অগ্রগতি তা আওয়ামী লীগের হাত ধরেই।
নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো আগুনসন্ত্রাসের রাজনীতি করছে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি বলেন, নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে, ভোটের মাঠে প্রার্থীসহ আওয়ামী নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন শেখ হাসিনা।
এসময় দেশকে এগিয়ে নিতে জনগণকে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।
