এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

post-img

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমার নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন হাইকমিশনার।

এসময় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং কম খরচে অধিক সংখ্যক কর্মী নিয়োগের প্রস্তাবনা মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা করার অনুরোধ জানান হাইকমিশনার।

গুরুত্ব বিবেচনায় মার্চ মাসে সভা করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার মন্ত্রী। একই সঙ্গে তিনি কর্মী নিয়োগে বাংলাদেশকে সব প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এছাড়া অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের হাইকমিশনার।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। প্রতারণা এড়াতে সরাসরি উপযুক্ত কোম্পানির মাধ্যমে বৈধতা নিতে সতর্ক করা হয়েছে।

বৈধতা চলাকালে প্রতারণা হওয়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এজন্য প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান হাইকমিশনার।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.