এনআরবি বিশ্ব

দিনাজপুরের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

post-img

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়।

নিহত মিনহাজ সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই ব্যক্তি হলেন- একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমানের ছেলে সাগর (২০)।

মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএসএফ জানিয়েছে, মিনহাজসহ অন্যরা মাদক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল।’

ওসি জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ নিহত হয়। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে। পুলিশের দাবি, মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বিএসএফ।

এ ছাড়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

এ ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি। বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডারের মুঠোফোনেও ফোন দেওয়া হয়েছিল। সেটিও রিসিভ হয়নি ।

তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে।

বিজিবির একজন সদস্য জানিয়েছেন, মরদেহ ভারতের গঙ্গারামপুর থানায় নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে হস্তান্তর করা হবে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.