পশ্চিম তীরে ড্রোনের সমর্থন নিয়ে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা। ড্রোন দিয়ে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় পাঁচজন নিহত হন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কাফর কুদে ইসরায়েলি বাহিনী দুইজনকে গুলি করে হত্যা করে। আর বেথেলহেমে আরেকজন তরুণ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন,সোমবার রাতে পশ্চিম তীরের তুবাস প্রশাসনিক এলাকায় তিন ব্যক্তি ও ১৪ বছরের এক কিশোর নিহত হন।
