হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।
এ ঘটনায় মো. ফজলে রাব্বী নামে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধারসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা।
শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস বাংলার বিএস ৩৪২ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
পরে ওই যাত্রীর দেওয়া তথ্যে বিমানের আসন নম্বর ৩২এফ ও ৩১ এফ এর নিচে রাখা লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।
