বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধের প্রথম ১৩ ঘণ্টার মধ্যেই ঢাকায় আলাদা দুই স্থানে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলামোটরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠায় তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানিয়েছে, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে আগুনের এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। এর আগে রোববার সকালে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।
এছাড়াও রোববার দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অন্যদিকে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত রাজধানীতে ৬টিসহ সারা দেশে ৯টি বাসে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এই সময়ে।
