খেলা

যার ফোনকলে সিদ্ধান্ত বদলে ফেলেন দ্রাবিড়

post-img

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত ছাড়ার আগেই কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্টেই দলের দীর্ঘ শিরোপাখরা ঘোচালেন। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ম্যান ইন ব্লুরা।

ভারতের সঙ্গে আপাতত চুক্তি শেষ রাহুল দ্রাবিড়ের। ড্রেসিংরুমে তার বিদায়ী বার্তা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ওয়ানডে বিশ্বকাপের পর রোহিত শর্মার একটি ফোনকলের কথা বললেন দ্রাবিড়। জানালেন সেই ফোনটি না পেলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হতো না তার।

ওয়ানডে বিশ্বকাপের পরই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে থাকতে বলে বিসিসিআই। দ্রাবিড় থাকতে রাজি হয়েছিলেন রোহিতের কথায়। বিদায় বার্তায় তেমনটাই জানালেন ভারতের সদ্য সাবেক এই কোচ।

গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। তারপরই ড্রেসিংরুমে দ্রাবিড় বলেন, ‘রোহিত, তোমাকে ধন্যবাদ। গত বছর নভেম্বরে তুমি ফোন করে আমাকে থাকতে বলেছিলে। থেকে যেতে বলেছিলে। তোমাদের সবার সঙ্গে কাজ করাটা খুব আনন্দের। রোহিতকে আলাদা করে ধন্যবাদ। একজন কোচ এবং অধিনায়কের মধ্যে অনেক কথা হয়। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কখনও আমাদের মতের মিল হয়, কখনও হয় না। তবে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলকে জেনেছি, চিনেছি, এটা আমার কাছে খুবই আনন্দের।’

দ্রাবিড় যখন তার বিদায়ী বার্তা বলছেন, তখন গোটা দল তার সামনে। দাঁড়িয়ে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তারা সবাই মুগ্ধ হয়ে দ্রাবিড়ের কথা শুনছিলেন। দ্রাবিড় নিজেও মানেন, তিনি খুব ভালো কথা বলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের পর শব্দ হারিয়ে ফেলেছিলেন তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.