এনআরবি বিশ্ব

'বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিউইয়র্ক সিনেটে

post-img

চলতি বছরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট। এ উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় মুক্তধারা নিউইর্য়ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিঙ্কস নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এবং ট্রেড ফেয়ারের আয়োজন করছে। 

গত একবছর ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরকে বিভিন্নভাবে তুলে ধরার কাজ করে চলেছে আয়োজকরা।

সিনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এমন সময় এ প্রস্তাব গৃহীত হলো, যখন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সর্ম্পকের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। বাংলাদেশি অভিবাসীরা উনিশ শতকের দিকে তাদের পরিবার ও স্বজনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় নিউইয়র্কে বসবাস করেন। এখানে বাংলাদেশিদের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে, তাঁদের মুদিদোকান, কাপড়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে যেতে হবে। নিউইর্য়ক পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও বহু বাংলাদেশি অভিবাসী বসবাস করেন।

প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ, ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় তার ভাষণটি দিয়েছিলেন। প্রস্তাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের অর্জনের প্রশংসা করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার প্রচেষ্টায় সিনেটর স্ট্যাভেস্কির প্রস্তাবনায় ২০১৯ সালে প্রথম বারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে হিসেবে বিলটি পাস হয়। এই নিয়ে পরপর চতুর্থ বছর বিলটি আইন পরিষদে গৃহীত হলো। সূত্র : বাসস।  

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.