post
সংবাদ

ঈদযাত্রার প্রথম দিনে টার্মিনালে নেই যাত্রীর চাপ

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভীড় থাকলেও সায়দাবাদ বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রী শূন্য। তবে, সময় মতো ট্রেন না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। ঈদযাত্রা আরো নির্বিঘ্ন করতে, ঢাকা থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে বলে জানান,রেল কর্মকর্তা মাসুদ সারওয়ার। ঈদযাত্রার প্রথম দিন বুধবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে নেই ঘর মুখো মানুষের চাপ। বাসের আসন খালি নিয়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। হতাশায় শ্রমিকরা। তবে,আগামী দুই একদিনের মধ্যেই যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে,ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে সময় মত ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই সিলেটের পারাবত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস,রংপুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায়, প্ল্যাটফর্মে বেশ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। রেল কর্তৃপক্ষ বলছে,ঈদ যাত্রার আজ প্রথম দিন হওয়ায় নিরাপত্তার কারণেই ট্রেনগুলো দেরিতে ছাড়া হয়েছে।

post
সংবাদ

চিকিৎসক বলার পর কাউসারকে দায়িত্বে নেয়া হয়েছিল

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করে আরেক কনস্টেবল কাওসার আলী। এ ঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অভিযুক্ত পুলিশ সদস্য কাওসার আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন আমরা জানতাম। তবে চিকিৎসক যখন তাকে রোগমুক্তির সনদ দেন তখন তাকে দায়িত্বে ফেরানো হয়। মঙ্গলবার (১১ জুন) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কাওসার আলী নামে যে পুলিশ কনস্টেবল গুলি ছুড়েছেন তাকে এর আগে মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ডিপ্লোম্যাটিক এলাকার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্বে ছিলেন তিনি, বিষয়টি পুলিশ জানতো কিনা? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এটা আমরা জেনেছি। এরপর একজন চিকিৎসক যখন তার বিষয়ে বলেছে সে ফুললি ফিট ফর জব তখন তাকে কাজে আবার নিয়োজিত করেছি। তবে এ ধরনের সদস্যদের নিয়োগের আগে ভবিষ্যতে আরও বেশি সতর্ক থাকব আমরা। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। পুলিশে বেসিক ট্রেনিংয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট কি হবে, বিভিন্ন পর্যায়ে কি ধরনের স্ট্রেস হতে পারে মনোবিজ্ঞানীরাও ক্লাস নিয়ে থাকেন,পুলিশ কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বিশেষজ্ঞরাও ক্লাস নেন। বিশেষ ইউনিট যেমন ডিএমপি অথবা কোনো জেলায় একজন সদস্যের পোস্টিং হয় সঙ্গে সঙ্গে ওই জায়গার ডিউটি প্যাটার্ন অনুযায়ী ব্রিফিং করা হয়, ওরিয়েন্টেশন কোর্সও করানো হয়। এছাড়া ডিউটির ধরণ অনুযায়ী কি ধরনের স্ট্রেস হতে পারে সে বিষয়েও মাঝে মাঝে ব্রিফিং করা হয়।

post
সংবাদ

১৭ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭ দিন ছুটি থাকবে। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। ১ জুলাই থেকে পূর্ণদিবস ক্লাস শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। এবার ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এ বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।

post
সংবাদ

সারাদেশে ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর

সরকারের আবাসন কর্মসূচির আওতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সুবিধাভোগীদের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, এই ঘর পেয়ে বদলে গেছে ভূমিহীন মানুষের জীবনযাত্রা। এর আগে,সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা,কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন তিনি। শুধু তাই নয় এর মধ্য দিয়ে মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করে সরকার। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, ভূমিহীনদের উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন থাকবে না। সরকার ভূমিহীনদের জন্য জমিসহ বাড়ির ব্যবস্থা করে শুধু তাদের মাথা গোঁজার জায়গা দেয়নি, তাদের জীবন মানে এসেছে আমূল পরিবর্তন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যাদের ঘরবাড়ি ভেঙেছে,বা ক্ষতিগ্রস্ত হয়েছে,তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান; প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ওয়াকার-উজ-জামান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২৩ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন। ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।

post
সংবাদ

হীরকজয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের হীরকজয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়- বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বেনজীর-আজিজের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকার পাতা কিংবা টিভিতে পাওয়া যায় না, এটা দুর্ভাগ্যজনক। দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ,মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে দলের কর্মসূচীর জানান তিনি।তিনি বলেন,রাজনৈতিক দল গুলোর সাথে নীতিগত পার্থক্য থাকতে পারে তবে প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। আজিজ বেনজীর ইস্যু নিয়ে প্রশ্ন করলে, এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। এ সময়, তারেক জিয়ার দুর্নীতির নিয়ে কথা বললে কেন প্রচার হয় না সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎ সাহস আছে আওয়ামী লীগের। শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয় না।

post
সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ

নয়াদিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। সোমবার সকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টা তুলে ধরা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে গতকাল রোববার শপথের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছারাও বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
সংবাদ

এমপি আনার হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারে, বলে আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য আদান-প্রদান চলছে। এছাড়া ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, এমপি আনার হত্যার মূল আসামী শাহিনকে ধরে এনে ভারতে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে জাপান

জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানের বিভিন্ন কোম্পানির ১১ জন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শে‌ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ, পেশাদার, কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছি। জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে। জাপান প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগুমি। মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি, তদন্ত কমিটি প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ‌ফিকুর রহমান ব‌লেন, তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষ হওয়ার পরে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তি‌নি ব‌লেন, আশা করছি, যারা দোষী আছে তাদের কি ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে। এছাড়া মালয়শিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

post
সংবাদ

তর্কাতর্কিতে উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কনস্টেবল কাউসার

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত কনস্টেবল মনিরুল হকের সঙ্গে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদের তর্কাতর্কির ঘটনা ঘটে। তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে ৮-৯ রাউন্ড গুলি ছোড়েন।তবে কী নিয়ে তর্ক এবং কী কারণে কনস্টেবল কাউসার উত্তেজিত ছিলেন সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তদন্ত করে সেটি বের করা হবে বলে জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, দুই পুলিশ সদস্যের মধ্যে কোনো বিরোধ ছিল এমন তথ্য আমাদের কাছে নেই। কাউসারের সঙ্গে আমরা কথা বলেছি কিন্তু বিরোধের কোনো তথ্য পাইনি। পাশাপাশি অভিযুক্ত কাউসারের গত এক-দুই মাসের ডিউটির রেকর্ড দেখেছি। রেকর্ডে দেখা গেছে কাউসার যথাযথভাবে ডিউটি করেছেন। গুলি করার আগে তাদের মধ্যে কী বিষয়ে তর্ক হয়েছিল এখনো তা নিশ্চিত হতে পারিনি আমরা। সেটি পরে তদন্তে জানা যাবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.