জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই বলে জানান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিমিয় করছেন নির্বাচন কমিশনাররা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার মো. আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই বলেও জানান তিনি। বলেন, বিএনপি নির্বাচনে আসলে পুনঃতফসিলের সুযোগ রয়েছে।
এদিকে, কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নির্বাচনে ভোটার বা প্রার্থীদের কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র প্রস্তুত এবং নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
