বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানিয়েছেন ডোনাল্ড লু

post-img

বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) হওয়া রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু জানিয়েছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

এ ব্যাপারে সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে— সেগুলো গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।’

শনিবার বিকেলে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের এ সমাবেশের সময় বাংলামোটরে আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে বিএনপি দাবি করেছে, নয়াপল্টনে পুলিশের গুলিতে আহত হয়ে তাদের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম শামীম মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন। তার বাবার নাম ইউসুফ মোল্লা।

মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে শামীম মোল্লা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। তিনি বলেছেন, নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শামীম মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান শামীম।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.