কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান। পরে জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী এই ইউটিউবার।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।
এর আগে বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘মেসার্স ড্রিংকব্লু বেভারেজ’ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ‘‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনও পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিংকসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ইফতেখার রাফসানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
