সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু বাফুফের পরবর্তী টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় সাইফুল বারী টিটুকে এক বছরের জন্য ওই পদে নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন তিনি।
বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদ আনুষ্ঠানিক সৃষ্টি হয়েছে কাজী সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হওয়ার পর। ২০০৯ সালে দেশের অন্যতম সেরা গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরী সান্টু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিতে আসেন সুদূর আমেরিকা থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার ঘনিষ্ঠ বন্ধু হলেও দেড় বছরের বেশি থাকেননি তিনি। সান্টুর বিদায়ের পর কিছুদিন বায়েজিদ জোবায়ের আলম নিপু এই পদে কয়েক বছর ছিলেন। ২০১৬ সালে এসেছিলেন ব্রিটিশ পল স্মলি। তিনি ২০২০ সালে চলে গেলেও আবার তাকে ফিরিয়ে আনে ফেডারেশন। ২০২৩ সালের মাঝামাঝি তিনি আবার চলে যাওয়ার পর পদটি খালি ছিল কয়েকমাস। এবার সেই পদে আসীন হচ্ছেন টিটু।
সাইফুল বারী টিটু টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন– এমন ক্ষেত্র বাফুফে সাজিয়েই রেখেছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লোক দেখানো তিনদিনের বিজ্ঞপ্তি দিয়েছিল ওই পদের জন্য। সেখানে বাংলাদেশিদের প্রাধান্য উল্লেখও ছিল। দেশের দুই শীর্ষ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু আবেদন করেননি। আবেদন করেছিলেন শুধু সাইফুল বারী টিটু। আজ টেকনিক্যাল কমিটির সভায় এক পর্যায়ে টিটু এসেছিলেনও। সেখানে মূলত আলোচনা হয়েছে সম্মানী নিয়ে। শেষ পর্যন্ত ৪ লাখ টাকা মাসিক সম্মানী দফারফা হয়েছে।
