অবরোধের সমর্থনে দেশের বিভিন্নস্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এসব মিছিল থেকে গাড়ী ও অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়া হয়।
সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায়, বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে হামলা চালিয়ে, একটি অ্যাম্বুলেন্স এবং কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়। পরে পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে। অন্যদিকে, নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায়, পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়ানো জি.এম ট্রাভেলস এর তিনটি বাসে আগুন এবং খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালবাহী একটি ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এতে ট্রাকটির চালক মো: ইসহাক মিয়া আগুনে গুরুতর দগ্ধ হন।
অবরোধের দ্বিতীয় দিনে, ফেনীতে মশাল মিছিল করেছে, ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতা-কর্মীরা। এছাড়া, ভোলায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
