গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পরও সেখানে ইসরায়েলের অভিযান চলছে।
সোমবার সারারাত ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাফাহ নগরীতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের জঙ্গিবিমান। এতে একটি আবাসিক ভবনে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম।এছাড়াও কাছের খান ইউনিস এবং গাজা সিটিতেও ইসরায়েল হামলা চালাচ্ছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে। সব মিলে যুদ্ধের শুরু থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪১৪ জনে।
