মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বর্তমানে বাংলাদেশের সঙ্গে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। জুলাই মাসেই আন্তঃদেশীয় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। সেই সঙ্গে বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তবে কেউ কারসাজি করে নিত্যপণ্যের মজুত বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান আহসানুল ইসলাম টিটু। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোতলজাত পানির দাম বৃদ্ধির বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
