যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর ফের প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে আদালতে হাজির হলেন তিনি। আদালতে ঢুকতেই তিনি তার এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিন ‘আমেরিকার জন্য খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। শুনানি শুরুর আগে আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নতুন করে তার বিচারকে খুবই অন্যায় এবং নির্বাচনে বাধ সাধার চেষ্টা বলে আখ্যায়িত করেন। আদালতে যাওয়ার আগেও ট্রাম্প ট্রুথ স্যোশালে তার বিচারকে উইচ হান্ট আখ্যা দিয়েছিলেন।
